ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাতি হত্যা মামলার প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ, তার সহযোগী আলমগীর হোসেন এবং অভিযুক্তদের দেশ ছেড়ে পালাতে সহায়তাকারী ফিলিপ সাংমাকে ফের ১৪ দিনের জেল রিমান্ডের নির্দেশ দিয়েছেন কলকাতার আদালত।
বৃহস্পতিবার (২ এপ্রিল) ১৪ দিনের রিমান্ড শেষে তাদের কলকাতার বিধাননগর মহকুমা আদালতে তাদের ভার্চুয়ালি হাজির করা হয়।
কলকাতায় চলমান অবৈধ অনুপ্রবেশের মামলার বিপরীতে এদিন এসটিএফ তিন আসামির বিরুদ্ধে তাদের নথি পেশ করে। যদিও মূল দুই অভিযুক্ত দিল্লিতে পৃথক ইউএপিএ মামলায় এনআইএ হেফাজতে থাকায় তিনজনের কাউকেই বৃহস্পতিবার আদালতে হাজির করা হয়নি।
এদিন তিন আসামির মধ্যে ফিলিপ সাংমাকে দমদম সেন্ট্রাল জেল থেকে ও ফয়সাল ও আলমগীরকে দিল্লির এনআইএ হেফাজত থেকে আদালতে ভার্চুয়ালি হাজির করা হয়। এরপরই বিচারক আগামী ১৬ এপ্রিল তিনজনের পরবর্তী শুনানির তারিখ ধার্য করেন।
প্রসঙ্গত, গত ২২ মার্চ পশ্চিমবঙ্গের বিধাননগর আদালতে তোলা হয় ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে। পরে আদালতে অনুমতিতে ২৩ মার্চ ভারতীয় জাতীয় গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) জিজ্ঞাসাবাদের জন্য তাদের দিল্লিতে নিয়ে যায়। এরপর থেকে তারা দিল্লিতেই রয়েছেন।