কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ভূমিহীন কন্টেন্ট ক্রিয়েটর তাইজুল ইসলাম তাজুর পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাজুকে নগদ অর্থ সহায়তা দেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বদরুজ্জামান রিশাদ। এ সময় তাকে বাসযোগ্য খাস জমি ও কৃষিজমি দেওয়ার ঘোষণা দেন তিনি।
এ ছাড়া স্বেচ্ছাসেবী সংগঠন ‘পথশিশু’র পক্ষ থেকে তাজুর জন্য ঘর নির্মাণে টিন ও নগদ অর্থ সহায়তা দেওয়া হয়। এই সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন তাইজুল ইসলাম তাজু।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা, নারায়ণপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা, নাগেশ্বরী প্রেস ক্লাবের সভাপতি ওমর ফারুক, প্রেস ক্লাব নাগেশ্বরীর সভাপতি রফিকুল ইসলাম, ইউপি সদস্য কবিরুল ইসলামসহ স্থানীয় সাংবাদিকরা।
স্থানীয়দের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলেও দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছিলেন তাইজুল ইসলাম তাজু। উপজেলা প্রশাসনের এই উদ্যোগ তার জীবনে নতুন আশার সঞ্চার করেছে।