Image description

নেপালকে হারিয়ে আগেই ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। অপেক্ষা ছিল দ্বিতীয় সেমি-ফাইনালের ফলের দিকে । সেখানে সহজেই ভুটানকে উড়িয়ে দিয়েছে ভারত। তাতে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা লড়াইয়ে দেখা হচ্ছে বাংলাদেশ ও ভারতের।

মালদ্বীপের রাজধানী মালেতে প্রথম সেমি-ফাইনালে নেপালকে ১-০ গোলে হারায় বাংলাদেশ। এরপর দ্বিতীয় সেমিফাইনালে ভুটানের বিপক্ষে ৫-০ গোলে জিতে ভারত।

একই ভেন্যুতে শুক্রবার হবে ফাইনাল। টুর্নামেন্টে গ্রুপ পর্বেও দেখা হয়েছিল এই দুই দলের। শুরুতে পিছিয়ে পড়ে ভারতকে ১-১ ড্রয়ে রুখে দিয়েছিল বাংলাদেশ।

বয়সভিত্তিক এই প্রতিযোগিতা এ পর্যন্ত অনূর্ধ্ব-১৮, ১৯ ও ২০ ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়েছে মোট সাতবার। এর মধ্যে চারবার সেরা হয়েছে ভারত। নেপাল দুইবার এবং বাংলাদেশ একবার শিরোপা জিতেছে।

২০২৪ সালে প্রথম এই শিরোপা জিতে বাংলাদেশ। সেবার অনূর্ধ্ব-২০ ক্যাটাগরিতে হওয়া আসরের ফাইনালে নেপালকে ৪-১ গোলে সহজ জয় পায় বাংলাদেশ।

 

সব ক্যাটাগরি মিলিয়ে এ নিয়ে চতুর্থবারের মতো ফাইনালে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত। ২০১৯ সালে অনূর্ধ্ব-১৮, ২০২২ সালে অনূর্ধ্ব-২০ ও ২০২৫ সালে অনূর্ধ্ব-১৯ ক্যাটাগরিতে, আগের তিন ফাইনালের সবগুলোতেই ভারতের বিপক্ষে হেরেছিল বাংলাদেশ। এবার রোনান সুলিভানদের সামনে শক্ত পরীক্ষা।