জামায়াতের কেন্দ্রীয় কমিটির কর্মপরিষদ সদস্য ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনির বলেছেন, ‘সালাহউদ্দিন ভাই ছাত্র অবস্থায় মনে হয় ভালো ছাত্র ছিল না!’ গণভোটে করা চারটি প্রশ্নের দিকে ইঙ্গিত করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে উদ্দেশ্য করে সুপ্রিম কোর্টের এই জ্যেষ্ঠ আইনজীবী এ মন্তব্য করেছেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আইনজীবী শিশির মনিরের এই বক্তব্য সম্বলিত একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া সেই ভিডিও তে শিশির মনির বলেন, ‘সালাহউদ্দিন ভাইয়ের চারটি মাত্র প্রশ্ন... ছাত্র অবস্থায় মনে হয় ভালো ছাত্র ছিল না! আমরা তো ভালো ছাত্র ছিলাম। সবসময় আমাদের চার প্রশ্ন পড়তে... আমার ধারণা ফুয়াদ, আমি, তুষার আমরা যারা আছি চার প্রশ্ন পড়তে দুই মিনিটের বেশি লাগবে না। কিন্তু আমার ভাইয়ের চার প্রশ্ন পড়তে তিন দিন... ৩ ঘণ্টা সময় লেগেছে। আমার মনে হয় আবার লেখাপড়া শুরু করা দরকার।’
গতকাল বুধবার (১ এপ্রিল) বিকেলে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়। ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী রাজনৈতিক বাস্তবতা এবং গণভোট বাস্তবায়নের প্রশ্নে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার প্রভাব ও সম্ভাবনা’ শীর্ষক এই গোলটেবিল বৈঠকে উপস্থিত হয়ে তিনি এই মন্তব্য করেন।
বৈঠকে আইনজীবী শিশির মনির আরও বলেন, বিএনপির ৩১ দফাতেই সংবিধান সংস্কারের কথা স্পষ্টভাবে বলা হয়েছে, কিন্তু সেখানে সংবিধান সংশোধনের বিষয়ে কোনো সুনির্দিষ্ট উল্লেখ নেই। এছাড়া গণভোট নাকি সংবিধানে নেই বলে যে কথা উঠছে—তা মোটেও ঠিক নয়। জিয়াউর রহমানও সংবিধানে না থাকা অবস্থায় একসময় গণভোট করেছিলেন।
তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সময় ক্ষমতার ভারসাম্য বজায় রাখার উদ্দেশ্যে যেসব অধ্যাদেশ জারি করা হয়েছে, বিএনপি তা চাইছে না এবং এ কারণেই কিছু অধ্যাদেশকে বাদ দেওয়া হচ্ছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সঠিকভাবে মেনে নিতে হলে জনগণের দেওয়া গণভোটের রায়কেও পরিপূর্ণভাবে মানতে হবে এবং তা বাস্তবায়ন করার জন্য সরকারকে অত্যন্ত সক্রিয়ভাবে কাজ করতে হবে।
উল্লেখ্য, শিশির মনির সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ আসন (দিরাই-শাল্লা) থেকে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং বিএনপি প্রার্থীর কাছে পরাজিত হয়েছিলেন।