Image description

অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন মাঠে তার অসাধারণ বোলিং দক্ষতার জন্য যেমন বিখ্যাত ছিলেন, তেমনি মাঠের বাইরেও তার দূরদর্শিতা ছিল অনন্য। 

২০০৮ সালে আইপিএলের প্রথম আসরে রাজস্থান রয়্যালসের অধিনায়ক হিসেবে যোগ দেওয়ার সময় তিনি এমন এক চুক্তি করেছিলেন, যার আর্থিক সুফল ১৮ বছর পর তার পরিবারের হাতে পৌঁছাতে যাচ্ছে।

আইপিএলের উদ্বোধনী মৌসুমে রাজস্থান রয়্যালসের দায়িত্ব নেওয়ার সময় ওয়ার্ন শুধু দলের অধিনায়কই হননি, বরং তাকে দলের ক্রিকেট সংক্রান্ত সব সিদ্ধান্ত নেয়ার পূর্ণ স্বাধীনতাও দেওয়া হয়। কোচিং থেকে শুরু করে দল পরিচালনা সব কিছুতেই তার একচ্ছত্র কর্তৃত্ব ছিল।

এই বিশেষ ভূমিকার পাশাপাশি চুক্তিতে আরেকটি গুরুত্বপূর্ণ ধারা যুক্ত করা হয়েছিল, যা তখন খুব একটা আলোচনায় না এলেও এখন তার মূল্য স্পষ্ট হয়ে উঠেছে।

 

চুক্তি অনুযায়ী, রাজস্থান রয়্যালসের হয়ে প্রতি মৌসুম খেলার জন্য ওয়ার্নকে ফ্র্যাঞ্চাইজিটির ০.৭৫ শতাংশ করে মালিকানা শেয়ার দেওয়া হতো। তিনি মোট চার মৌসুম আইপিএল খেলেন। ফলে সময়ের সঙ্গে তার মোট মালিকানা দাঁড়ায় ৩ শতাংশে।

তার নেতৃত্বেই ২০০৮ সালে প্রথম আসরেই শিরোপা জেতে রাজস্থান, যা আইপিএলের ইতিহাসে অন্যতম চমকপ্রদ সাফল্য হিসেবে বিবেচিত।

 

সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক একটি কনসোর্টিয়ামের কাছে প্রায় ১.৬৩ বিলিয়ন ডলারে রাজস্থান রয়্যালস বিক্রি হওয়ার খবর প্রকাশ্যে আসে। এই বিপুল অঙ্কের লেনদেনের পরই সক্রিয় হয় ওয়ার্নের সেই পুরনো চুক্তির ধারা। বর্তমান বাজারমূল্য অনুযায়ী, তার ৩ শতাংশ শেয়ারের মূল্য দাঁড়িয়েছে আনুমানিক ৪৬০ কোটি ভারতীয় রুপি, বাংলাদেশি মুদ্রায় যা ৫৮৯ কোটি টাকার বেশি।

 

জানা গেছে, এ বছর আইপিএল মৌসুম শেষে ওয়ার্নের পরিবার এই শেয়ার বিক্রি করে নগদ অর্থ গ্রহণ করতে পারবে। তবে এর জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) আনুষ্ঠানিক অনুমোদন প্রয়োজন হবে। সব প্রক্রিয়া সম্পন্ন হলে তার পরিবার এই বিপুল অর্থের মালিক হবে।

উল্লেখযোগ্য বিষয় হলো, ২০০৮ সালে মাত্র ৬৭ মিলিয়ন ডলারে কেনা হয়েছিল রাজস্থান রয়্যালস ফ্র্যাঞ্চাইজিটি। সময়ের ব্যবধানে দলটির মূল্য কয়েকগুণ বৃদ্ধি পেয়ে এখন হাজার কোটি রুপির ঘরে পৌঁছেছে।

এই উত্থানই ওয়ার্নের শেয়ারের বর্তমান বিশাল মূল্য নির্ধারণে প্রধান ভূমিকা রেখেছে।

 

২০২২ সালের ৪ মার্চ থাইল্যান্ডের কোহ সামুই দ্বীপে হৃদরোগে আক্রান্ত হয়ে ৫২ বছর বয়সে মারা যান শেন ওয়ার্ন। তার মৃত্যু বিশ্ব ক্রিকেটে গভীর শোকের ছায়া ফেলেছিল। তবে তার জীবদ্দশায় নেওয়া বিচক্ষণ আর্থিক সিদ্ধান্ত আজও তার পরিবারের জন্য বড় আশীর্বাদ হয়ে উঠছে।