এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার আগে নিজেদের কৌশল ঝালিয়ে নিতে ব্যস্ত বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আজ অনুশীলনের ফাঁকে অধিনায়ক জামাল ভূঁইয়া জানিয়েছেন, সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে বাংলাদেশ তাদের চেনা ছক থেকে বেরিয়ে নতুন ফরমেশনে মাঠে নামতে পারে।
বসুন্ধরা কিংস অ্যারেনায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জামাল ভূঁইয়া বলেন, ‘আমরা সিঙ্গাপুরের বিপক্ষে কীভাবে খেলব, তা নিয়ে কোচ দীর্ঘ সেশন করাচ্ছেন। ফরমেশনে কিছুটা পরিবর্তন আসতে পারে।
দীর্ঘ চার মাস পর জাতীয় দলের ক্যাম্প শুরু হওয়ায় বেশ উচ্ছ্বসিত ফুটবলাররা। তবে পূর্ণাঙ্গ স্কোয়াড পেতে আরও দুদিন অপেক্ষা করতে হবে। জামাল জানান, হামজা চৌধুরী আরও দুদিন পর দলের সঙ্গে যোগ দেবেন।
প্রবাসী ও দেশি খেলোয়াড়দের রসায়ন নিয়ে করা এক প্রশ্নে অধিনায়ক সাফ জানিয়ে দেন, দলে কোনো ভেদাভেদ নেই; সবাই এখন এক দল হয়ে খেলছেন।
ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়ের সেই ১ কোটি টাকা প্রাইজমানি এখনো সবাই বুঝে পাননি বলেও মন্তব্য করেন জামাল। ‘সোহেলসহ আরও অনেকেই এখনো টাকা পায়নি।
উল্লেখ্য, ঈদের আমেজ উপেক্ষা করেই অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন ফুটবলাররা। এর আগে মিডফিল্ডার শেখ মোরসালিন জানিয়েছিলেন, পরিবারের সঙ্গে ঈদ করতে না পারার আক্ষেপ তারা মাঠের জয়ে পূরণ করতে চান।