Image description

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাটির তৈরি চুলার ভেতর থেকে মরিয়ম আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। বৃহস্পতিবার (১৯ মার্চ) সরিষা ইউনিয়নের মারুয়াখালি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মরিয়ম ওই গ্রামের বাসিন্দা মিজানুর রহমান (৩০) ও রিমা আক্তার (২৪) দম্পতির মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুর ১টার দিকে মরিয়ম নিখোঁজ হয়।

পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে ইফতারের আগে বাড়ির পাশের একটি মাটির চুলা থেকে শিশুটির নিথর দেহ উদ্ধার করা হয়। ঘটনাটি জানাজানি হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরিয়মের গলায় থাকা রূপার চেইন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে তাকে টার্গেট করা হয়।

চেইন নেওয়ার সময় সে চিৎকার শুরু করলে দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধে হত্যা করে। পরে ঘটনা গোপন করতে মরদেহ চুলার ভেতরে লুকিয়ে রাখা হয়।

এ ঘটনায় জড়িত সন্দেহে সাদ্দাম মিয়া (৩৫) ও তার ছেলে ইয়াসিন মিয়া (১৬)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার সঙ্গে সম্পৃক্ততা যাচাই করা হচ্ছে।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটন করা হবে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’