লাকসাম উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডা. মুহাম্মদ নুর উল্লাহ্ রায়হান এবার ভারপ্রাপ্ত সভাপতি হয়েছেন। বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আবদুর রহমান বাদল বিষয়টি নিশ্চিত করেন।
দলীয় সূত্রে জানা গেছে, বুধবার (১৮ মার্চ) রাতে লাকসাম উপজেলা বিএনপির কার্যালয়ে এক আলোচনাসভায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয় আসনের জাতীয় সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি মো. আবুল কালাম এই ঘোষণা দেন।
দলের একাধিক সূত্র জানায়, ডা. রায়হান ছাত্র জীবন থেকেই রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
তিনি চট্টগ্রাম মেডিক্যাল কলেজে ছাত্রদলের প্রথম সারির নেতা ছিলেন। পরবর্তীতে প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি আস্থা ও বিশ্বাস রেখে বিএনপির রাজনীতিতে যুক্ত হন।
ডা. রায়হান লাকসাম পৌরসভা বিএনপির সাবেক সভাপতি, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
সূত্র আরো জানায়, রাজনীতির মাঠে একজন সৎ, নিষ্ঠাবান ব্যক্তি হিসেবে ডা. রায়হানের যেমন সুখ্যাতি রয়েছে। তেমনি একজন চিকিৎসক হিসেবেও রয়েছে দক্ষতা ও সুনাম। বিগত ১/১১ সময়ে তিনি সেনাবাহিনীর হাতে আটক হয়ে মিথ্যা মামলায় জেল- জুলুম নির্যাতন স্বীকার হয়েছেন।
ডা. রায়হান লাকসাম উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হওয়ায় দলের জাতীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক, লাকসাম উপজেলা সভাপতি ও কুমিল্লা - ৯ আসনের জাতীয় সংসদ সদস্য মো. আবুল কালামসহ বিএনপির নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।