অস্ট্রেলিয়ায় টুর্নামেন্ট ঘিরে বিতর্ক ও আশ্রয় চাওয়ার ঘটনাকে কেন্দ্র করে আলোচনায় থাকা ইরানের নারী ফুটবল দল অবশেষে দেশে ফিরেছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, তুরস্ক-ইরান সীমান্তের বাজারগান পয়েন্ট দিয়ে দলটি দেশে প্রবেশ করে।
ফেরার সময় খেলোয়াড়দের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন সরকারি কর্মকর্তা ও সাধারণ মানুষ। রাজধানী তেহরানেও তাদের জন্য আনুষ্ঠানিক সংবর্ধনার আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।
অস্ট্রেলিয়ায় এক ম্যাচে জাতীয় সংগীত গাইতে অস্বীকৃতি জানানোয় এই দলটি তীব্র সমালোচনার মুখে পড়ে। রাষ্ট্রীয় টেলিভিশনের এক উপস্থাপক তাদের ‘দেশদ্রোহী’ বলেও মন্তব্য করেন, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে।
এরপর দলের ছয়জন খেলোয়াড় ও এক কর্মকর্তা নিরাপত্তা উদ্বেগের কথা উল্লেখ করে অস্ট্রেলিয়ায় আশ্রয়ের আবেদন করেন। তবে পরে তাদের মধ্যে পাঁচজন সিদ্ধান্ত পরিবর্তন করে দেশে ফেরার পথ বেছে নেন।
এই ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনেও আলোচনা তৈরি হয়েছে, বিশেষ করে খেলোয়াড়দের নিরাপত্তা ও মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে।