Image description

সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের পাঁচটি প্রধান তেল স্থাপনার কাছের এলাকায় বসবাসরত সাধারণ মানুষকে অবিলম্বে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ওই সব দেশের সংশ্লিষ্ট বাসিন্দাদের উদ্দেশ্যে বলেছে, ‘অবিলম্বে এই এলাকাগুলো ত্যাগ করুন এবং কোনো বিলম্ব না করে নিরাপদ দূরত্বে সরে যান।’

এদিকে আজ বুধবার ভোরে ইরানের সাউথ পার্স গ্যাসক্ষেত্রের একটি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। ইসরাইলের কয়েকটি সংবাদমাধ্যম ও ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সঙ্গে ঘনিষ্ঠ সংবাদ সংস্থা তাসনিম এ খবর জানিয়েছে।

এদিকে গ্যাসক্ষেত্রটিতে ইসরাইলের হামলার নিন্দা জানিয়েছে কাতার। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেন, ‘ইরানের সাউথ পার্স গ্যাসক্ষেত্রের সঙ্গে যুক্ত স্থাপনাতে ইসরাইলের এ হামলা এই অঞ্চলের বর্তমান সামরিক উত্তেজনার মধ্যে একটি বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপ।’ গ্যাসক্ষেত্রটি কাতারের নর্থ ফিল্ডের একটি বর্ধিত অংশ বলে জানান তিনি।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সতর্ক করে বলেন, ‘জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা বিশ্ব জ্বালানি নিরাপত্তার পাশাপাশি এই অঞ্চলের জনগণ এবং পরিবেশের জন্যও একটি বড় হুমকি।’

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফারস নিউজ জানায়, আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এ পর্যন্ত হতাহতের বিষয়ে কিছু জানা যায়নি।

সূত্র: আল–জাজিরা

শীর্ষনিউজ