নওগাঁর বদলগাছীতে হারিয়ে যাওয়া একটি মোবাইল ফোন উদ্ধারের জন্য পুলিশের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর দাবি, মাত্র তিন হাজার টাকা মূল্যের একটি মোবাইলফোন উদ্ধার করে দেওয়ার জন্য বদলগাছী থানার এক উপপরিদর্শক (এসআই) তার কাছে চার হাজার টাকা ঘুষ দাবি করেছেন। বিষয়টি জানাজানি হলে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়।
বদলগাছী থানার এসআই আজিজার রহমান গত রোববার (১৫ মার্চ) এই ঘুষ দাবি করেছেন বলে অভিযোগ উঠেছে। আজ বুধবার (১৮ মার্চ) বিষয়টি জানাজানি হয়।
ভুক্তভোগী বিউটি বেগম বলেন, গত বছরের এপ্রিলে নিজ এলাকা গোড়শাহী গ্রাম থেকে তার একটি অ্যান্ড্রয়েড মোবাইল হারিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
বিউটি বলেন, এরপর প্রায় এক বছর কেটে গেলেও মোবাইলফোন উদ্ধার হয়নি। হঠাৎ গত রোববার বদলগাছী থানা থেকে এসআই আজিজার নামে একজন ফোন করে থানায় যেতে বলেন। আমি থানায় গেলে তিনি আমাকে বলেন, আপনার মোবাইলফোনের অবস্থান শনাক্ত হয়েছে। কিন্তু উদ্ধার করতে চার হাজার টাকা লাগবে। আমি শোনার পর হতবাক হয়ে এসআই আজিজারকে বলেছি, ‘তিন হাজার টাকার মোবাইল উদ্ধার করতে যদি চার হাজার টাকা দেওয়া লাগে, তাহলে আমার নতুন ফোন কেনাই ভালো।’ এ কথা বলে থানা থেকে চলে আসছি।
তিনি বলেন, ‘এক বছরের পুরোনো মোবাইলটির দাম বর্তমানে তিন হাজার টাকা। অথচ সেটি উদ্ধার করে দিতে চার হাজার টাকা চাওয়া হয়েছে। হারানো জিনিস ফেরত পেতেও যদি ঘুষ দিতে হয়, তাহলে সাধারণ মানুষ আমরা কোথায় যাব?’
তবে অভিযোগ অস্বীকার করেছেন আজিজার রহমান। তিনি বলেন, ‘ফোন এখনো উদ্ধার করতে পারিনি। অন্য একজন এ কথা বলতেই পারে। আমার কাছে জিডিও নাই, ফোনও নাই।’ জিডি কার কাছে আছে জানতে চাইলে তিনি বলেন, ‘জিডি করছিল বহু দিন আগে মনে হয়। আমার কাছে জিডিও নাই, ফোনও নাই।’
এ বিষয়ে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমানের বলেন, বর্তমানে হারানো ফোন উদ্ধারে এসআই বা এএসআইদের কোনো সংশ্লিষ্টতা নেই। আর ঘুষ চাওয়ার তো প্রশ্নই ওঠে না। তাহলে ভুক্তভোগী বিউটি বেগমকে আপনার এসআই থানায় ডেকেছে কেন জানতে চাইলে তিনি বলেন, অন্য কোনো কারণে ডাকতে পারে।