Image description

আফ্রিকা কাপ অব নেশনস (আফকন) শিরোপা কেড়ে নিয়ে মরক্কোকে চ্যাম্পিয়ন ঘোষণার সিদ্ধান্তের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছে সেনেগাল ফুটবল ফেডারেশন।

 

মঙ্গলবার কাফ (CAF) আপিল বোর্ডের সিদ্ধান্তে ফাইনালের ফল উল্টে দিয়ে সেনেগালকে ৩-০ ব্যবধানে পরাজিত ঘোষণা করা হয়। অভিযোগ, ম্যাচের শেষ দিকে বিতর্কিত পেনাল্টির প্রতিবাদে মাঠ ছাড়ায় তারা টুর্নামেন্টের নিয়ম ভঙ্গ করেছে।

 

এই সিদ্ধান্তকে ‘অন্যায়, নজিরবিহীন এবং অগ্রহণযোগ্য’ বলে আখ্যা দিয়েছে সেনেগাল ফুটবল ফেডারেশন। এক বিবৃতিতে তারা জানায়, নিজেদের অধিকার রক্ষায় দ্রুতই লুসানের কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টে (CAS) আপিল করা হবে।

 

ফেডারেশনের মহাসচিব আবদুলায়ে সেদু সো বলেন, ‘আমরা পিছু হটব না। আইন আমাদের পক্ষেই আছে।’

 

তিনি এই সিদ্ধান্তকে ‘আফ্রিকার জন্য লজ্জা’ বলেও মন্তব্য করেন।

 

সেনেগাল সরকারের পক্ষ থেকেও ফেডারেশনের অবস্থানকে সমর্থন দেওয়া হয়েছে। এক বিবৃতিতে সরকার জানায়, প্রশাসনিক সিদ্ধান্তের মাধ্যমে ক্রীড়ার অর্জন মুছে ফেলার চেষ্টা তারা মেনে নেবে না। একই সঙ্গে কাফের ভেতরে সম্ভাব্য দুর্নীতির অভিযোগে স্বাধীন আন্তর্জাতিক তদন্তের দাবি জানানো হয়েছে।

 

ফাইনালের সেই বিতর্কিত ম্যাচে পেনাল্টির সিদ্ধান্ত ঘিরে উত্তেজনা তৈরি হলে কোচ পাপে থিয়াওয়ের নির্দেশে মাঠ ছাড়ে সেনেগাল দল। পরে খেলা পুনরায় শুরু হলে অতিরিক্ত সময়ে গোল করে জয়ের দেখা পায় তারা।

 

তবে আপিল বোর্ড সেই ফল বাতিল করে ৩-০ ব্যবধানে মরক্কোকে বিজয়ী ঘোষণা করে, যা আফকনের ইতিহাসে নজিরবিহীন সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

 

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন সেনেগালের ফুটবলাররাও। দলের অধিনায়ক সাদিও মানে লিখেছেন, ‘বিশ্ব জানে আসল চ্যাম্পিয়ন কে।’

 

সূত্র: ইএসপিএন