মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে বর্তমানে স্পেনে অবস্থানরত পর্তুগিজ তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো তার পরিবারসহ শিগগিরই সৌদি আরবে ফিরছেন না বলে ধারণা করা হচ্ছে।
মঙ্গলবার (১৭ মার্চ) স্পেনের গণমাধ্যমের বরাতে গালফ নিউজ জানিয়েছে, অনিশ্চিত পরিস্থিতির মধ্যে সন্তানদের দৈনন্দিন জীবনে স্থিতিশীলতা বজায় রাখতে রোনালদো ও তার সঙ্গী জর্জিনা রদ্রিগেজ স্পেনে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। তাদের ফেরার নির্দিষ্ট কোনো সময়সূচিও এখনো নির্ধারিত হয়নি।
জানা গেছে, চলতি মাসের শুরুর দিকে তারা একটি ব্যক্তিগত বিমানে করে সৌদি আরব ত্যাগ করেন এবং বর্তমানে মাদ্রিদের অভিজাত আবাসিক এলাকা লা ফিনকার একটি বিলাসবহুল বাড়িতে অবস্থান করছেন। যদিও তাদের এই যাত্রা সন্তানদের বসন্তকালীন ছুটির সময়ের সঙ্গে মিলে গেছে, তবুও তারা কবে সৌদি আরবে ফিরবেন, সে বিষয়ে এখনো কোনো স্পষ্ট ধারণা পাওয়া যায়নি।
বিশ্লেষকদের কেউ কেউ মনে করছেন, শুধুমাত্র আঞ্চলিক উত্তেজনাই এই স্থানান্তরের কারণ নয়। ফেব্রুয়ারির শেষদিকে আল ফাইহার বিপক্ষে এক ম্যাচে রোনালদো উরুর পেছনের পেশিতে চোট পান, যা এই সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে।
আল নাসরের কোচ জর্জে জেসুস জানিয়েছেন, চোটটি ধারণার চেয়ে বেশি গুরুতর। তিনি নিশ্চিত করেছেন, রোনালদো ব্যক্তিগত থেরাপিস্টের তত্ত্বাবধানে বিশেষায়িত চিকিৎসার জন্য স্পেনে গেছেন।
উত্তর ও মধ্য আমেরিকায় অনুষ্ঠিতব্য আসন্ন বিশ্বকাপটি রোনালদোর ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ফলে এই চোট তার অংশগ্রহণে কী প্রভাব ফেলবে, তা নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ।