Image description

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে ফেদেরিকো ভালভার্দের দুর্দান্ত হ্যাটট্রিকে রিয়াল মাদ্রিদের কাছে ৩-০ ব্যবধানে হেরে বড় চাপেই আছে ম্যানচেস্টার সিটি। এখন কিছুক্ষণ পর দ্বিতীয় লেগে এত্তিহাদ স্টেডিয়ামে পেপ গার্দিওলার দলের সামনে কঠিন এক চ্যালেঞ্জ ফিরে আসা সম্ভব কি?

 

আধুনিক ইউরোপীয় ফুটবলের অন্যতম বড় প্রতিদ্বন্দ্বিতায় পরিণত হয়েছে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির লড়াই। প্রতি মৌসুমেই এই দুই দলের মুখোমুখি হওয়া যেন নতুন এক নাটকীয় অধ্যায় যোগ করে।

 

এই ম্যাচেও কাগজে-কলমে এগিয়ে ছিল সিটি। সংগঠিত আক্রমণ, ভালো এক্সপেক্টেড গোল (xG) এবং মাঝমাঠে নিয়ন্ত্রণ সবই ছিল তাদের পক্ষে। কিন্তু বাস্তবে ম্যাচের গতিপথ বদলে দেন ভালভার্দে, মাত্র ২২ মিনিটে তিন গোল করে ম্যাচ কার্যত একপেশে করে দেন।

 

রিয়াল মাদ্রিদের আক্রমণের ধরন তুলনামূলকভাবে অগোছালো হলেও সেটিই তাদের শক্তি। দ্রুত কাউন্টার অ্যাটাক, ভিনিসিয়ুস জুনিয়রের গতি এবং দূরপাল্লার শট সব মিলিয়ে তারা যেকোনো মুহূর্তে ম্যাচ ঘুরিয়ে দিতে সক্ষম। তাদের প্রায় ৩০ শতাংশ শটই আসে ট্রানজিশন থেকে, যা সিটির জন্য বড় সতর্কবার্তা।

 

 

অন্যদিকে, ম্যানচেস্টার সিটির আক্রমণ অনেক বেশি কাঠামোবদ্ধ। তারা কম শট নিলেও উচ্চমানের সুযোগ তৈরি করে, বিশেষ করে বক্সের কেন্দ্রীয় অংশে। কাটব্যাক, ওভারলোড এবং হাই প্রেসিং এই তিন কৌশলেই ভর করে তারা গোলের সুযোগ তৈরি করে থাকে।

 

দ্বিতীয় লেগে সিটির জন্য মূল চ্যালেঞ্জ হবে রিয়ালের দ্রুত কাউন্টার ঠেকানো এবং নিজেদের আক্রমণে ভারসাম্য রাখা। ম্যাচ যদি নিয়ন্ত্রিত থাকে, সিটির সম্ভাবনা বাড়বে। তবে খেলা যদি খোলা হয়ে যায়, তাহলে রিয়ালের পাল্টা আক্রমণই হতে পারে টাইয়ের শেষ কথা।