বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের সভায় রোববার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে দেশের প্রথম নারী বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টির সূচি ঘোষণা, জাতীয় দলের নির্বাচক প্যানেলের প্রধানের মেয়াদ বৃদ্ধি এবং তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে সাবেক ক্রিকেটার মঞ্জুরুল ইসলামের ওপর নিষেধাজ্ঞা আরোপ।
সভা শেষে বিসিবির পক্ষ থেকে জানানো হয়, নারী বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠিত হবে আগামী ৪ থেকে ১৪ এপ্রিল। ঢাকা ও চট্টগ্রামে ম্যাচগুলো আয়োজনের পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। নারী ক্রিকেটে পেশাদার কাঠামো গড়ে তোলার লক্ষ্যেই এই টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।
এদিকে জাতীয় নির্বাচন প্যানেলের চেয়ারম্যান গাজী আশরাফ হোসেন মেয়াদ শেষে সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করা তার দায়িত্ব এক মাসের জন্য বাড়ানো হয়েছে। এই সময়ের মধ্যে নতুন চেয়ারম্যান খোঁজা এবং নির্বাচন প্যানেল পুনর্গঠনের কাজ সম্পন্ন করতে চায় বোর্ড।
এ ছাড়াও সভায় জাহানারা আলমের করা অভিযোগের পর গঠিত স্বাধীন তদন্ত কমিটির প্রতিবেদনও উপস্থাপন করা হয়। ওই প্রতিবেদনের ভিত্তিতে সাবেক জাতীয় ক্রিকেটার ও নারী দলের সাবেক ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বিসিবির অধীনে সব ধরনের সরাসরি বা পরোক্ষ নিয়োগ ও ক্রিকেট–সম্পর্কিত কার্যক্রমে তার সম্পৃক্ততার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বোর্ড জানিয়েছে, প্রয়োজন হলে তদন্ত প্রতিবেদনের আলোকে আরও ব্যবস্থা নেওয়া হবে।