Image description
 

বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির নতুন তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে ২৮ ক্রিকেটার জায়গা পেয়েছেন নতুন এই চুক্তিতে। পারভেজ ইমন, তানভীর ইসলাম ও হাসান মুরাদ প্রথমবার চুক্তির আওতায় এসেছেন। বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে মোস্তাফিজুর রহমান রয়েছেন ‘বি’ ক্যাটাগরিতে, যা নিয়ে বেশ আলোচনা ওঠে।

কেননা, কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান ইতোমধ্যেই আইপিএলে নিজের জাত চিনিয়েছেন। তাছাড়া, রেকর্ড পারিশ্রমিকের বিনিময়ে চলতি মৌসুমেও কেকেআরে জায়গা করে নিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তাকে ছেড়ে দেয় কেকেআর। আইপিএল খেলতে না পারলেও রেকর্ড পারিশ্রমিকে ঠিকই কিনে নিয়েছে পাকিস্তান সুপার লিগ। তার আলোচনাটা তাই স্বাভাবিক বলেও মনে করছেন ক্রিকেটপ্রেমীরা।

২০২৬ সালের জানুয়ারি থেকে শুরু হয়ে ডিসেম্বর পর্যন্ত কার্যকর হবে সদ্য প্রকাশিত কেন্দ্রীয় চুক্তি। এবার সর্বোচ্চ ‘এ’ প্লাস ক্যাটাগরিতে নেই কোনো ক্রিকেটার। ক্রিকেটারদের চারটি গ্রেডে ভাগ করা হয়েছে। সেখানে মোস্তাফিজের মতো তারকা ‘এ’ ক্যাটাগরিতে কেন নেই সেই প্রশ্ন তুলছেন কেউ কেউ। এ নিয়ে যদিও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি বিসিবি।

তবে গণমাধ্যমে নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির একজন কর্মকর্তা বলেছেন, ‘গত বছর টি-টোয়েন্টি ক্রিকেটে দুর্দান্ত ছিল মোস্তাফিজ। এরপর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও সেই ফর্ম অব্যাহত ছিল। তবে পুরো বছরে ওয়ানডে ক্রিকেটে তার পরিসংখ্যানটা দেখলে বোঝা যাবে যে সেখানে কিছুটা দুর্বলতা ছিল।’ ২০২৫ সালে ওয়ানডেতে ৮ ইনিংসে ৫.১৫ ইকোনমিতে ৫ উইকেট শিকার করেন ফিজ।

 

বিসিবির ওই কর্মকর্তা আরও বলেন, ‘যদি বলেন একটা জিনিস বিবেচনা করা হয়েছে– যখন কেন্দ্রীয় চুক্তি করা হয় তখন নম্বর ওয়ান প্রায়োরিটি দেওয়া হয় টেস্ট ক্রিকেটকে। আপনি খেয়াল করলে দেখবেন তাসকিন ছাড়া ক্যাটাগরি ‘এ’-তে থাকা ক্রিকেটাররা সবাই টেস্ট খেলে। আর মুস্তাফিজও টেস্ট খেলে না।’ ২০২৫ সালে মুস্তাফিজ ২০টি টি-টোয়েন্টি খেলেছেন, যেখানে ৬.০৯ ইকোনমিতে তার শিকার ২৬ উইকেট।