জিতলেই নিশ্চিত হবে ফাইনাল! এমন সমীকরণ নিয়ে জাতীয় দলের মোড়কে থাকা ধূমকেতু আজ মাঠে নামে দুর্বারের বিপক্ষে। তবে নুরুল হাসান সোহানের দারুণ ব্যাটিংয়ে ধূমকেতু আর জিততে পারেনি। ১৯তম ওভারে ২৬ রান তুলে দুর্বারের জয়ের পথ সহজ করে দেন নুরুল হাসান সোহান। তাতে ২ উইকেটের জয় পেয়েছে ধূমকেতু।
শেষ দুই ওভারে জয়ের জন্য দুর্বারের দরকার ছিল ৩১ রান। হাতে ছিল তিন উইকেট। শেষ স্বীকৃত ব্যাটার হিসেবে ক্রিজে ছিলেন নুরুল হাসান সোহান। ফলে তিনিই কাঁধে তুলে নেন ম্যাচ জেতানোর দায়িত্ব। ১৯তম ওভারে চার ছক্কায় ২৬ রান তুলে নেন নুরুল হাসান সোহান। তাতে শেষ ওভারে জয়ের জন্য দূর্বারের দরকার ছিল ৭ রান। তিন বলে সেই সমীকরণ মিলিয়ে উল্লাসে মাতে দুর্বার।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে ধূমকেতু। সাইফ হাসানের ২৮, লিটন দাসের ৪৩ ও শেখ মাহেদির ৩১ রানে ভর করে ৮ উইকেটে ১৫৬ রানের সংগ্রহ পায় ধূমকেতু। ৩৭ বলে ৪৩ রানের ইনিংস খেলেন ধূমকেতুর অধিনায়ক লিটন দাস। তার ব্যাটে ছিল ৫ চার। এছাড়া ৩১ রানের ইনিংস খেলা শেখ মাহেদি হাঁকান দুই ছক্কা। দুর্বারের হয়ে হাসান মাহমুদ ও তানভীর ইসলাম নেন দুইটি করে উইকেট।
১৫৭ রানের লক্ষ্যে খেলতে নেমে দুর্বারের হয়ে ৪৪ বলে ৭৬ রানের ইনিংস খেলেন নুরুল হাসান সোহান। ৪৬ রানে ৪ উইকেট হারিয়ে ফেলা দুর্বারকে পথ দেখায় তার ওই ঝড়ো ইনিংস। ৪৪ বলে ৭৬ রানের এই ইনিংস খেলার পথে চার চার ও ছয় ছক্কা হাঁকান এই ডানহাতি ব্যাটার। এছাড়া দিতীয় সর্বোচ্চ ১৯ রান আসে সাইফউদ্দিনের ব্যাটে। ধূমকেতুর হয়ে বল হাতে দারুণ ছন্দে ছিলেন শেখ মাহেদি। ১১ রানে ৪ উইকেট শিকার করেন তিনি। এছাড়া রিশাদ হোসেন ৩২ রানে নেন এক উইকেট।