Image description
বঙ্গভবন কর্মকর্তার জামিনে উদ্বেগ

আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

তিনি বলেন, বিভিন্ন সংসদীয় আসনে আইনশৃঙ্খলা বাহিনী জামায়াতের প্রার্থীর বিরুদ্ধে গোপন বৈঠক করেছেন এবং প্রার্থীর সঙ্গে ধমকের সুরে কথা বলেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো সিলেট-১ আসন ও কক্সবাজারের জামায়াতের সিনিয়র নেতা ড. হামিদুর রহমান আযাদের আসন।

শুক্রবার রাতে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আসন্ন সংসদ নির্বাচনসহ সামগ্রিক পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।

প্রিসাইডিং কর্মকর্তার হুমকি-ধমকির বিষয়ে অ্যাডভোকেট জুবায়ের বলেন, সারা দেশে যেসব প্রিসাইডিং কর্মকর্তা নিয়োজিত, তাদের হুমকি-ধমকি দিচ্ছেন কতিপয় কর্মকর্তা। এছাড়াও সারা দেশে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনের অনেকগুলো বিষয় তুলে ধরা হয় ব্রিফিংয়ে। উল্লেখযোগ্য হলো ঢাকা-১ আসন।

তিনি জামায়াত আমির ও সেক্রেটারি জেনারেলের এক্স হ্যান্ডেল হ্যাকিংয়ের সঙ্গে জড়িত সন্দেহে আটক রাষ্ট্রপতির কার্যালয় বঙ্গভবনের কর্মকর্তা মোহাম্মদ ছরওয়ার আলমকে তদন্ত চলাকালীন সময়ে জামিন দেয়ায় উদ্বেগ প্রকাশ করেন।

ব্রিফিংয়ে তিনি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের, ডাকসু নেত্রী ফাতেমা তাসনিম জুমা ও রাকসু জিএস সালাউদ্দিন আম্মারসহ শতাধিক নেতার ওপর হামলা চালিয়ে আহত করার নিন্দা জানান।

অ্যাডভোকেট জুবায়ের জামায়াত আমির ও সেক্রেটারি জেনারেলের এক্স হ্যান্ডেল হ্যাকিংয়ের সঙ্গে জড়িত সন্দেহে আটক রাষ্ট্রপতির কার্যালয় বঙ্গভবনের কর্মকর্তা মোহাম্মদ ছরওয়ার আলমকে তদন্ত চলাকালীন সময়ে জামিন দেয়ায় উদ্বেগ প্রকাশ করেন।

এক্স হ্যান্ডেল হ্যাকিংয়ের ঘটনায় আটক কর্মকর্তার মুক্তির বিষয়ে বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টুর অনুসারীরা পুলিশের ওপর চাপ সৃষ্টি করেছে এমন তথ্য রয়েছে বলে জানান অ্যাডভোকেট জুবায়ের। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, আটক বঙ্গভবনের ওই কর্মকর্তার মুক্তির দাবি জানিয়ে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ফেসবুকে পোস্ট দিয়েছেন। এসব ঘটনা ভবিষ্যতে আরও নিরাপত্তাহীনতা বা বড় ধরনের ঘটনাকে উসকে দেবে বলে উদ্বেগ প্রকাশ করা হয়।

তিনি আরো বলেন, সারাদেশে বেশ কিছু খুন, ধর্ষণ, ও চাঁদাবাজির ঘটনা ঘটেছে। ভুক্তভোগীদের মধ্যে রয়েছে- ব্যবসায়ী, শিশু, নারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অ্যাডভোকেট জুবায়ের উদ্বেগ প্রকাশ করে বলেন, আসন্ন নির্বাচনে অবৈধ অস্ত্রের ব্যবহার রোধে সেনাবাহিনী দেশের বিভিন্ন স্থান থেকে অস্ত্র উদ্ধার করছে। এরমধ্যে যুবদল ও ছাত্রদল নেতার বাড়ি, ছাত্রলীগ নেতার বাড়ি থেকে আমেরিকানসহ বিভিন্ন দেশের ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, দেশের বিভিন্ন জায়গায় জামায়াতের নারী ভোটকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটছে। এসব ঘটনার সঙ্গে বিএনপির নেতারা জড়িত- ময়মনসিংহের ভালুকার এমন একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে নির্বাচনি প্রচারণায় বাধা দেয়ার ঘটনাও রয়েছে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, জামায়াতের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ড. মোশাররফ হোসেন মাসুদ ও ব্যারিস্টার সাইফ উদ্দিন খালেদ।

মিডিয়াগুলোতে গোয়েন্দা স্ক্রিপ্ট সরবরাহ :

এদিকে, জামায়াত আমির ডা. শফিকুর রহমানের এক্স (টুইটার) অ্যাকাউন্ট হ্যাকিংয়ের ঘটনায় একটি গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে মিডিয়াগুলোতে স্ক্রিপ্ট সরবরাহ করা হয়েছে বলে জানিয়েছেন জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম।

শুক্রবার নিজের ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি এই তথ্য জানিয়ে বলেন, আমরা বিশ্বস্ত সূত্র থেকে এটা জানতে পেরেছি।

তিনি বলেন, আমরা বলতে চাই, আমিরে জামায়াতের এক্স (টুইটার) অ্যাকাউন্ট হ্যাকিং কোনো স্বাভাবিক ঘটনা নয়। এটি রাষ্ট্রীয় নিরাপত্তারও ইস্যু। আমাদের কাছে তথ্য উপাত্ত রয়েছে। সময় মতো সবই প্রকাশ করা হবে ইনশাআল্লাহ। এ ব্যাপারে আমরা দেশের জনগণকে সচেতন থাকার আহ্বান জানাচ্ছি।