Image description
আন্তর্জাতিক ফুটবল থেকে ক্রিস্টিয়ানো রোনালদোর অবসরের ঘোষণার পর তাকে যথাযোগ্য সম্মান জানানোর পরিকল্পনার কথা জানিয়েছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিএফ)। দেশের হয়ে অসাধারণ অবদানের স্বীকৃতিতে সমর্থক ও দেশের মানুষের উপস্থিতিতে পর্তুগালের চিরন্তন অধিনায়ককে সংবর্ধনা দিতে চায় ফেডারেশন।
 
বৃহস্পতিবার (৫ নভেম্বর) আল নাসরের তারকা রোনালদো আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন। এর আগে জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি। তার এই ঘোষণার পর আনুষ্ঠানিক বিবৃতিতে গভীর কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানায় পর্তুগিজ ফুটবল ফেডারেশন।
 
বিবৃতিতে বলা হয়, জাতীয় দলকে ২৩৪ ম্যাচে নেতৃত্ব দিয়ে ১৪৬ গোল করা রোনালদো শুধু অসাধারণ একজন খেলোয়াড়ই নন, তিনি অনুপ্রেরণাদায়ী নেতা এবং পর্তুগালের জাতীয় দলের চেতনার প্রতীক। তার নেতৃত্বে দল এমন কিছু মুহূর্ত উপহার পেয়েছে, যা দেশটির ফুটবল ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
 
ফেডারেশন আরও জানায়, মাঠে রোনালদোর নিবেদন ও অবদান দেশের সীমানা ছাড়িয়ে বহু তরুণকে অনুপ্রাণিত করেছে। পর্তুগালের নাম বিশ্বে উজ্জ্বল করার পাশাপাশি তিনি নতুন প্রজন্মের কাছে হয়ে উঠেছেন অনুসরণীয় এক ব্যক্তিত্ব। বিবৃতিতে তাকে সর্বকালের সেরা খেলোয়াড়দের একজন বলেও উল্লেখ করা হয়।
 
 
রোনালদোর বিদায়কে যথাযথ সম্মাননা ছাড়া হতে দিতে চায় না ফেডারেশন। তার বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার উদ্‌যাপনে আয়োজন, পরিকল্পনা ও বাস্তবায়নে সক্রিয়ভাবে যুক্ত থাকার প্রত্যয় জানিয়েছে তারা। সংবর্ধনায় সমর্থক ও দেশের মানুষ যেন আবারও তাদের অধিনায়ককে সম্মান জানাতে পারেন, সেটিই ফেডারেশনের লক্ষ্য।
 
বিবৃতির শেষাংশে রোনালদোকে ধন্যবাদ জানিয়ে বলা হয়, ‘ধন্যবাদ সবকিছুর জন্য, অধিনায়ক। এই ঘর সব সময় আপনারই থাকবে। চলুন, এবার ১ হাজার গোলের লক্ষ্যে এগিয়ে যাই।’