Image description

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। জামায়াতে ইসলামীর সঙ্গে জোট, নির্বাচনকেন্দ্রিক কৌশল, নারীর রাজনৈতিক অধিকার এবং দলের অভ্যন্তরীণ গণতন্ত্রসহ বিভিন্ন বিষয়ে মতপার্থক্যের কারণে দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

আজ বৃহস্পতিবার নিজের পদত্যাগের কারণ ব্যাখ্যা করে দেওয়া এক দীর্ঘ বিবৃতিতে এসব কথা জানান সামান্তা শারমিন। দলের আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলেও নিশ্চিত করেছেন তিনি।

বিবৃতিতে তিনি জানান, প্রায় এক বছর আগে এনসিপির জোট গঠনের প্রশ্নে ভিন্ন অবস্থান নিয়েছি। জামায়াতে ইসলামী নীতিগত কিংবা কৌশলগত কোনো ক্ষেত্রেই এনসিপির মিত্র হওয়ার উপযুক্ত নয়। দলটির সঙ্গে জোট করার জন্য এনসিপিকে কঠিন মূল্য দিতে হবে।

সামান্তা শারমিন বলেন, ‘গত ১১ মাসে এনসিপির অতীত কর্মকাণ্ড বিশ্লেষণ ও ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে দলের বিভিন্ন পর্যায়ে লিখিত অভিযোগ ও প্রস্তাব দিয়েছি। পাশাপাশি আলোচনা, তর্ক-বিতর্কের মাধ্যমে দলের নীতিগত অবস্থান পরিবর্তনের চেষ্টা করেছি। দল ভুল পথে গেলে তা থেকে ফিরিয়ে আনা নিজের রাজনৈতিক দায়িত্ব মনে করেই অভ্যন্তরীণ মতাদর্শিক সংগ্রাম চালিয়েছি।’

তবে এনসিপি দলের প্রতিষ্ঠাকালীন মূল্যবোধের প্রতি আর আন্তরিক থাকতে পারবে বলে মনে করেন না তিনি। তার ভাষ্য, ‘কোনো একটি সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় পদত্যাগ করলে বিষয়টি সহজে ব্যাখ্যা করা যেত। কিন্তু দল ভবিষ্যতে জামায়াতের সঙ্গে জোট ত্যাগের মতো সিদ্ধান্ত নিলে পুরনো রাজনৈতিক কাঠামোর বাইরে নিজস্ব পরিচয়, চিন্তা ও কর্মসূচি তৈরি করতে পারবে।’