ক্রিকেট ইতিহাসে প্রথমবার আন্তর্জাতিক ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে ভারত ও জাপানের পুরুষ দল। আগামী ২২ সেপ্টেম্বর জাপানের তোচিগি অঞ্চলের সানো আন্তর্জাতিক ক্রিকেট মাঠে একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল।
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও জাপান ক্রিকেট অ্যাসোসিয়েশন যৌথভাবে ম্যাচটির ঘোষণা দিয়েছে। ‘সুজুকি কাপ’ নামের ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় দুপুর ১টায়, বাংলাদেশ সময় সকাল ১০টায়।
ভারত ও জাপানের কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি উদ্যাপনের অংশ হিসেবে ম্যাচটি আয়োজন করা হচ্ছে। এটি দুই দেশের খেলাধুলাভিত্তিক সহযোগিতা বাড়ানোর ‘স্পোর্ট ৭৫’ উদ্যোগের প্রথম আয়োজন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির মধ্যকার বৈঠকে নেওয়া সিদ্ধান্ত থেকে উদ্যোগটির সূচনা হয়েছে।
চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা ভারত আসন্ন এশিয়ান গেমসের প্রস্তুতি হিসেবে ম্যাচটি খেলবে। এশিয়ান গেমসে ভারত সরাসরি কোয়ার্টার ফাইনাল থেকে অভিযান শুরু করবে। অন্যদিকে স্বাগতিক জাপানকে খেলতে হবে গ্রুপ পর্ব থেকে।
বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া বলেছেন, ‘ভারতীয় ও জাপানি দলকে নিয়ে এই ঐতিহাসিক আয়োজনে অংশ হতে পেরে আমরা আনন্দিত। পূর্ব এশিয়ায় ক্রিকেট ছড়িয়ে দেওয়ার বড় সুযোগ এটি।’
ক্রিকেটকে প্রচলিত অঞ্চলগুলোর বাইরেও ছড়িয়ে দেওয়ার দায়িত্ব রয়েছে বলে মনে করে বিসিসিআই। জাপানে খেলাটির উন্নয়নে দেশটির ক্রিকেট সংস্থার সঙ্গে দীর্ঘমেয়াদে কাজ করার কথাও জানিয়েছে ভারতীয় বোর্ড।
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে নিজেদের মাঠে আমন্ত্রণ জানাতে পারাকে জাপানের ক্রিকেটের জন্য স্মরণীয় ঘটনা হিসেবে দেখছেন জাপান ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী নাওকি মিয়াজি। ম্যাচটি সামনে রেখে সানো আন্তর্জাতিক ক্রিকেট মাঠের দর্শক ধারণক্ষমতা প্রায় ৫০০ থেকে বাড়িয়ে ২ হাজার করার পরিকল্পনা রয়েছে।
এশিয়ান গেমসের আগে দুই দলের এই ঐতিহাসিক লড়াই জাপানে ক্রিকেটের জনপ্রিয়তা বাড়াতে বড় ভূমিকা রাখবে বলে আশা আয়োজকদের। একই সঙ্গে অলিম্পিকে ক্রিকেট ফেরার আগে খেলাটির বিশ্বব্যাপী বিস্তারের পথে ম্যাচটিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।