ফেনীতে ১১ দলীয় ঐক্যের লংমার্চকে স্বাগত জানিয়ে বের করা মিছিলে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বাদ মাগরিব সদর উপজেলার ধলিয়া বাজারে মিছিলের শুরুতেে এবং শেষে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও ১১ দলীয় ঐক্যের নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, ধলিয়া বাজারের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে লংমার্চকে স্বাগত জানিয়ে মিছিল বের করা হয়। মিছিলটি বাজারের জিরো পয়েন্টে পৌঁছলে একে একে দুটি ককটেল নিক্ষেপ করা হয়।
জেলা যুবশক্তির সদস্য সচিব জাহিদুল ইসলাম বলেন, ‘মিছিলের শুরুর দিকে একটা ও শেষ পর্যায়ে আরেকটি ককটেল নিক্ষেপ করা হয়।’
ইউনিয়ন জামায়াতের অফিস সম্পাদক নূর নবী বলেন, ‘শুরুর দিকে মিছিলের পেছনে একটি ও পরে যখন রাস্তায় উঠছি তখন আরেকটি ককটেল নিক্ষেপ করা হয়। তবে এতে কেউ হতাহত হয়নি।’
এ ব্যাপারে জানতে চাইলে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, ‘যতটুকু শুনেছি বাজি ফুটানো হয়েছে। আনন্দ করতে গিয়ে নাকি কারা জানি বাজি ফুটিয়েছে।’