Image description

ফেনীর পরশুরামে সরকারি ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার কথা বলে টাকা আদায়ের অভিযোগে মো. সুজন আকাশ (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার ডি এম সাহেবনগর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফ্যামিলি কার্ড করে দেওয়ার আশ্বাস দিয়ে ডি এম সাহেবনগর গ্রামের ছয়টি পরিবারের কাছ থেকে ১ হাজার ২০০ টাকা করে মোট ৭ হাজার ২০০ টাকা নেন সুজন আকাশ। টাকা নেওয়ার সময় স্থানীয়দের সন্দেহ হলে তারা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

এ ঘটনায় ডি এম সাহেবনগরের বাসিন্দা শেখ এছাক বাদী হয়ে পরশুরাম মডেল থানায় মামলা করেছেন। তিনি উপজেলার দুবলাচাঁদ গ্রামের মৃত শাহ আলমের ছেলে।

স্থানীয়দের অভিযোগ, সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলে একটি চক্র সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করছে। এ ঘটনার সঙ্গে আরো কেউ জড়িত কি না তা খতিয়ে দেখছে পুলিশ।

পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে সুজন আকাশকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে ।