এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ে টানা দুই ম্যাচ হারের পর প্রধান কোচ জেরার্ড জোন্সকে বরখাস্ত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ভারতের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচের আগে ইংলিশ কোচের সঙ্গে চুক্তিও বাতিল করেছে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।
শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাফুফে। সেখানে বলা হয়েছে, জোন্সকে এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার পাশাপাশি তার সঙ্গে সম্পাদিত চুক্তিও বাতিল করা হয়েছে। তবে এমন সিদ্ধান্ত নেওয়ার কারণ উল্লেখ করেনি সংস্থাটি।
উজবেকিস্তানে চলমান বাছাইয়ের ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিকদের কাছে ২-০ গোলে হারে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে সিরিয়ার বিপক্ষে ৩-০ গোলে পরাজিত হয় জোন্সের দল। দুই ম্যাচে কোনো গোল না করে পাঁচ গোল হজম করায় বাংলাদেশের মূল পর্বে ওঠার সম্ভাবনা প্রায় শেষ হয়ে গেছে।
রোববার ভারতের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। সেই ম্যাচে দলের অন্তর্বর্তীকালীন প্রধান কোচের দায়িত্ব পালন করবেন এতদিন সহকারী কোচ হিসেবে কাজ করা আতিকুর রহমান মিশু।
জোন্সকে বরখাস্ত করা নিয়ে এর আগেও নাটকীয়তা তৈরি হয়েছিল। উজবেকিস্তানে দলের যাত্রার ঠিক আগে গত ২৫ আগস্ট তাকে সরিয়ে দেওয়ার খবর ছড়িয়ে পড়ে। তখন সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ভিডিও বার্তায় সেই খবরকে ‘ভুয়া’ বলে দাবি করেন জোন্স। বাফুফে তাকে দায়িত্বে থাকার বিষয়টি নিশ্চিত করেছে বলেও জানিয়েছিলেন তিনি।
এর আগে বেতন পেতে বিলম্ব এবং নিজের নিরাপত্তা নিয়ে প্রকাশ্যে অভিযোগ করেছিলেন ইংলিশ কোচ। তার সেই বক্তব্যকে ‘দুর্ভাগ্যজনক’ বলেছিলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। নানা বিতর্কের মধ্যেও দলের সঙ্গে উজবেকিস্তানে গিয়ে প্রথম দুই ম্যাচে দায়িত্ব পালন করেন জোন্স। তবে এবার আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে তার সঙ্গে সম্পর্কের ইতি টানল বাফুফে।