ইউরোপীয় ফুটবল দলবদলের শেষ দিনে বড় চমক দিল ম্যানচেস্টার সিটি। রেকর্ড ১২৫ মিলিয়ন পাউন্ড (প্রায় ১,৯০০ কোটি টাকা) ট্রান্সফার ফি-তে চেলসি থেকে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মিডফিল্ডার এনজো ফার্নান্দেজকে দলে ভিড়িয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের দলটি।
এই দলবদলের মাধ্যমে ইংলিশ ফুটবলের ইতিহাসে যৌথভাবে সবচেয়ে দামী ফুটবলার হলেন ২৫ বছর বয়সী এই আর্জেন্টাইন তারকা। গত গ্রীষ্মে একই খরচে অ্যালেক্সান্ডার ইসাককে দলে নিয়েছিল লিভারপুল।
এনজো ফার্নান্দেজ প্রথম খেলোয়াড় যিনি ১০০ মিলিয়নের ওপর ফিতে দুবার দল পাল্টালেন।
পুরোনো কোচের টানে ইতিহাদ স্টেডিয়ামে
চেলসিতে শেষ কিছুদিন খুব একটা স্বস্তিতে ছিলেন না এনজো। ব্লুজদের হয়ে নিজের শেষ ম্যাচে নিজ দলের সমর্থকদের তোপের মুখেও পড়তে হয়েছিল তাকে। সাবেক চেলসি কোচ এনজো মারেস্কার বরখাস্ত হওয়ার পর চেলসি কর্তৃপক্ষের সমালোচনা করেছিলেন এই মিডফিল্ডার। শেষ পর্যন্ত সেই মারেস্কার টানেই ম্যানচেস্টার সিটিতে পাড়ি জমালেন তিনি।
মিডফিল্ড পুনর্গঠনে সিটির রেকর্ড খরচ
এনজো ফার্নান্দেজকে দলে ভেড়ানোর পর চলতি গ্রীষ্মকালীন দলবদলে সিটির মোট খরচ দাঁড়াতে যাচ্ছে প্রায় ৪৩০ মিলিয়ন পাউন্ডে। নটিংহ্যাম ফরেস্ট থেকে ১১৬ মিলিয়ন পাউন্ডে এলিয়ট অ্যান্ডারসন এবং লিল থেকে ৮৫ মিলিয়ন পাউন্ডে আইয়ুব বুয়াদ্দিকে উড়িয়ে এনে ইতোমধ্যেই মিডফিল্ড ঢেলে সাজিয়েছে সিটি। এর সাথে এভারটন থেকে ৬০ মিলিয়ন পাউন্ডে ইলিমান এনদিয়ায়েকে সাইন করানোর বিষয়টিও প্রায় চূড়ান্ত।
হালান্ডের সাথে পুরোনো হিসাব ও নতুন কেমিস্ট্রি
ম্যানচেস্টার সিটিতে এনজোর আগমন দলটির ড্রেসিংরুমে নতুন কৌতুহল তৈরি করেছে। ২০২৪/২৫ মৌসুমের শুরুতে চেলসি ও সিটির ম্যাচে এনজো ফার্নান্দেজের বিরুদ্ধে মাঠে ফাউল করার প্রকাশ্যে অভিযোগ তুলেছিলেন সিটির গোলমেশিন আর্লিং হালান্ড। মাঠের সেই পুরোনো মুখোমুখি লড়াই পেছনে ফেলে এবার সতীর্থ হিসেবে মাঠে নামবেন হালান্ড ও এনজো।
এদিকে ২০২৩ সালে বেনফিকা থেকে ১০৭ মিলিয়ন পাউন্ডে চেলসিতে এসে ১৭০ ম্যাচে ৩১ গোল করা এনজোর বিদায়ে বড় শূন্যতা তৈরি হলো চেলসিতে। তার বিকল্প হিসেবে শেষ মুহূর্তে রোমার মানু কোনে এবং মোনাকোর লামিনে কামারাকে দলে নিতে চেষ্টা চালাচ্ছে অল-ব্লুজরা।