আর্জেন্টিনার হয়ে লিওনেল মেসি নিজের ক্যারিয়ারের ইতি টানলেও তার বিখ্যাত ১০ নম্বর জার্সি কিন্তু অবসরে যাচ্ছে না। প্রায় দুই দশক ধরে মেসির গায়ে থাকা জার্সিটি এখন খালি। স্বাভাবিকভাবেই একটাই প্রশ্ন, মেসির পর কে পরবেন আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ১০ নম্বর?
অবশ্যই, এখনই কাউকে এই জার্সি দিতে হবে, এমন কোনো নিয়ম নেই। আর মেসি না খেললে তার ক্যারিয়ার চলাকালীন অনেক খেলোয়াড়ই সাময়িকভাবে ১০ নম্বর জার্সি পরেছেন।
তবে বিশ্বকাপের নিয়মের কারণে বিষয়টি আরও গুরুত্বপূর্ণ। ২০২৬ বিশ্বকাপে ফিফার নিয়ম অনুযায়ী, ১ থেকে ২৬—সব জার্সি নম্বরই খেলোয়াড়দের দিতে হয়েছে। ফলে ১০ নম্বর জার্সিকে চিরতরে অবসরে পাঠানোর সুযোগ ছিল না। অর্থাৎ ভবিষ্যতে কোনো এক বিশ্বকাপে আর্জেন্টিনার ১০ নম্বর জার্সির নতুন মালিক হতেই হবে। কিন্তু কে?
আর্জেন্টিনার ১০ নম্বর জার্সির কিংবদন্তি অবশ্য মেসির হাত ধরে শুরু হয়নি। মেসির আগে দিয়েগো ম্যারাডোনা এই নম্বরকে অমর করে গেছেন।
১৯৮৬ বিশ্বকাপে প্রায় পুরো দলকে বর্ণানুক্রমে জার্সি নম্বর দিয়েছিল আর্জেন্টিনা। কিন্তু তিনজনের ক্ষেত্রে ছিল ব্যতিক্রম; ড্যানিয়েল পাসারেলা ৬, হোর্হে ভালদানো ১১ এবং ম্যারাডোনা তার প্রিয় ১০ নম্বর পেয়েছিলেন। এরপর সেই জার্সি উঠে আসে মেসির গায়ে।
২০০৯ সালের মার্চে ভেনেজুয়েলার বিপক্ষে প্রথমবার আর্জেন্টিনার সিনিয়র দলে ১০ নম্বর জার্সি পরেন মেসি। এরপর ধীরে ধীরে জার্সিটি হয়ে ওঠে তার পরিচয়েরই অংশ। ম্যারাডোনা ও মেসি—আর্জেন্টিনার দুই প্রজন্মের দুই মহাতারকার সঙ্গে একই নম্বরের এমন সম্পর্ক ফুটবল ইতিহাসে খুবই বিরল। তাই মেসির পর ১০ নম্বরের উত্তরসূরি খোঁজা মানে ‘পরবর্তী মেসি’ খোঁজা নয়। কারণ, পরবর্তী মেসি বলে কেউ নেই। বরং প্রশ্ন হলো, আর্জেন্টিনা এখন ১০ নম্বর জার্সিকে কীসের প্রতীক হিসেবে দেখতে চায়?
১০ নম্বর জার্সিকে যদি আর্জেন্টিনার ঐতিহ্যবাহী সৃষ্টিশীল খেলোয়াড়ের প্রতীক হিসেবে রাখা হয়, তাহলে নিকো পাজ হতে পারেন সবচেয়ে আকর্ষণীয় নাম। মাত্র ২১ বছর বয়সেই কোমোর এই মিডফিল্ডার আর্জেন্টিনার নতুন প্রজন্মের অন্যতম উজ্জ্বল প্রতিভা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। বাঁ-পায়ের এই খেলোয়াড় মাঝমাঠ ও আক্রমণের মাঝখানে খেলতে পছন্দ করেন। সৃষ্টিশীলতা, পাসিং এবং আক্রমণ তৈরির দক্ষতার কারণে অনেকের চোখেই তিনি ভবিষ্যতে আর্জেন্টিনার গুরুত্বপূর্ণ খেলোয়াড় হতে পারেন।
স্কালোনিও এর আগে পাজকে নিয়ে আশাবাদ প্রকাশ করেছেন। তার মতে, পাজের সামনে ‘দারুণ ভবিষ্যৎ’ রয়েছে এবং সে একাধিক পজিশনে খেলতে পারে।
২০২৬ বিশ্বকাপের শুরুতেই পাওয়া গেছে একটি দারুণ প্রতীকী মুহূর্ত। আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে ১৮ নম্বর জার্সি পরা পাজ বদলি হিসেবে মাঠে নামেন মেসির জায়গায়। এতে অবশ্য পাজ মেসির উত্তরসূরি হয়ে যান না। কিন্তু মেসির জার্সির উত্তরাধিকার পাওয়া আর মেসিকে প্রতিস্থাপন করা, দুটি সম্পূর্ণ ভিন্ন বিষয়।
আরেকজন সম্ভাব্য প্রার্থী থিয়াগো আলমাদা। পাজের তুলনায় জাতীয় দলে তার অভিজ্ঞতা বেশি। ২০২২ বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের সদস্য ছিলেন তিনি এবং ২০২৬ বিশ্বকাপের দলেও জায়গা পেয়েছেন। ২০২৬ বিশ্বকাপে আলমাদা ১৬ নম্বর জার্সি পরেছেন।
হয়তো পাজের মতো তাকে ঘিরে ‘ভবিষ্যতের সুপারস্টার’ হওয়ার উত্তেজনা নেই। কিন্তু টেকনিক্যালি তিনি দুর্দান্ত, ফরোয়ার্ডদের পেছনে খেলতে পারেন এবং স্কালোনির কৌশল সম্পর্কে তার ভালো ধারণা রয়েছে। স্কালোনি যদি ভবিষ্যতের জন্য তরুণ প্রতিভার বদলে অভিজ্ঞতা ও ধারাবাহিকতাকে বেশি গুরুত্ব দেন, তাহলে আলমাদা হতে পারেন যৌক্তিক পছন্দ।
আরেকটি পথ অবশ্য রয়েছে। আর্জেন্টিনা চাইলে ঐতিহ্যবাহী প্লেমেকারের বদলে দলের ভবিষ্যৎ আক্রমণভাগের সবচেয়ে বড় তারকাকে ১০ নম্বর জার্সি দিতে পারে। সেক্ষেত্রে আলোচনায় আসবেন হুলিয়ান আলভারেজ।
২০২৬ বিশ্বকাপে তিনি ৯ নম্বর জার্সি পরেছেন এবং দলের অন্যতম গুরুত্বপূর্ণ স্ট্রাইকার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তাই তার জার্সি পরিবর্তনের প্রয়োজনীয়তা অবশ্য নেই। তবুও ২৬ বছর বয়সে আলভারেজ এখন ক্যারিয়ারের সেরা সময়ে প্রবেশ করছেন। তার রয়েছে বিশ্বকাপজয়ের অভিজ্ঞতা এবং মেসির পরবর্তী প্রজন্মের অন্যতম প্রধান মুখ হওয়ার সম্ভাবনা।
যদি ১০ নম্বর জার্সি নির্দিষ্ট কোনো পজিশনের বদলে দলের সবচেয়ে বড় তারকার প্রতীক হয়ে ওঠে, তাহলে আলভারেজের দাবিও যথেষ্ট শক্তিশালী। তবে আপাতত তাকে নিয়ে কোনো আনুষ্ঠানিক পরিকল্পনা নেই।
স্কালোনির কাছেও ব্যাপারটি নতুন নয়। মেসি থাকাকালীনও তার অনুপস্থিতিতে ১০ নম্বর জার্সি অন্যদের দিয়েছে আর্জেন্টিনা।
২০২৪ সালে মেসি চোটের কারণে খেলতে না পারায় চিলির বিপক্ষে ম্যাচের আগে স্কালোনিকে জিজ্ঞেস করা হয়েছিল, ১০ নম্বর কে পরবেন। স্কালোনি তখন বিষয়টিকে খুব একটা গুরুত্ব দেননি। তিনি মনে করিয়ে দিয়েছিলেন, মেসির অনুপস্থিতিতে এর আগে আনহেল কোরেয়াও এই নম্বর পরেছেন।
তবে স্কালোনির একটি মন্তব্য ছিল বেশ তাৎপর্যপূর্ণ। সঙ্গে এটাও জানিয়েছিলেন, আর্জেন্টিনার মানুষের কাছে এই নম্বরটির প্রতি রয়েছে বিশেষ ভালোবাসা। সেই ম্যাচে ১০ নম্বর পরেছিলেন পাওলো দিবালা। তিনি বলেছিলেন, “আমরা জানি ১০ নম্বরের একজন মালিক আছে।”
কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। যে ‘মালিকের’ কথা স্কালোনি বলেছিলেন, সেই মেসিই এখন আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়িয়েছেন।
এখন আর্জেন্টিনাকে মেসিকে ছাড়াই নতুন যুগ শুরু করতে হবে। হয়তো তাড়াহুড়ো করার দরকার নেই। সম্ভবত সবচেয়ে ভালো সিদ্ধান্ত হতে পারে, এখনই কাউকে ‘নতুন ১০’ হিসেবে ঘোষণা না করা।
যদি ১০ নম্বর জার্সি দলের প্রধান সৃষ্টিশীল খেলোয়াড়ের প্রতীক হিসেবেই থাকে, তাহলে নিকো পাজ কিংবা থিয়াগো আলমাদা ভবিষ্যতে স্বাভাবিক পছন্দ হয়ে উঠতে পারেন। আর যদি জার্সিটি দলের নতুন আক্রমণাত্মক নেতা বা সবচেয়ে বড় তারকার প্রতীক হয়, তাহলে হুলিয়ান আলভারেজও সামনে চলে আসবেন।
আবার স্কালোনি চাইলে জার্সিটি কয়েকজনের মধ্যে ঘুরিয়েও দিতে পারেন, যতক্ষণ না কেউ নিজের পারফরম্যান্স দিয়ে ১০ নম্বরটিকে সত্যিকার অর্থে নিজের করে নেন। কিন্তু নীল-সাদা ১০ নম্বর জার্সিটি আবারও কোনো একজনের গায়ে উঠবে। আর সেই খেলোয়াড় কে হবেন, সেদিকে তাকিয়ে থাকবে পুরো ফুটবল বিশ্ব।