ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত গোল হিসেবে ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছে আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’। সেই ম্যাচের স্মৃতিময় বলটি এবার উঠছে নিলামে। ১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ম্যারাডোনার বিখ্যাত দুটি গোলের জন্য ব্যবহৃত বলটি যুক্তরাষ্ট্রে নিলামে তোলা হচ্ছে। নিলামকারী প্রতিষ্ঠান হেরিটেজ অকশনসের ধারণা, বলটির দাম উঠতে পারে অন্তত ১ কোটি ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২৩ কোটি টাকা।
টেক্সাসভিত্তিক হেরিটেজ অকশনস আগামী ২১ থেকে ২৩ আগস্ট এই নিলামের আয়োজন করবে। বলটির ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ২৫ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ কোটি ৯৪ লাখ টাকা। হেরিটেজ অকশনসের ক্রীড়া বিভাগের সহসভাপতি ড্যান ইমলারের মতে, এটি ফুটবল ইতিহাসের সবচেয়ে স্মরণীয় বলগুলোর একটি। কারণ, মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে আর্জেন্টিনা-ইংল্যান্ডের সেই ম্যাচে ম্যারাডোনার দুই গোলই হয়েছিল এই বল দিয়ে।
ম্যাচে ২-১ গোলে জিতেছিল আর্জেন্টিনা। ৫১ মিনিটে ইংল্যান্ডের গোলরক্ষক পিটার শিলটনের সঙ্গে বলের লড়াইয়ের সময় বাঁ হাত দিয়ে বল জালে পাঠান ম্যারাডোনা। রেফারির চোখ এড়িয়ে যাওয়া সেই গোলই পরে পরিচিত হয় ‘হ্যান্ড অব গড’ নামে। এই গোলের ঠিক চার মিনিট পর একই বল দিয়ে ম্যারাডোনা করেন আরেকটি অবিশ্বাস্য গোল। নিজেদের অর্ধ থেকে বল নিয়ে প্রায় ৬০ গজ দৌড়ে ইংল্যান্ডের চার খেলোয়াড়কে কাটিয়ে গোলরক্ষক শিলটনকে পরাস্ত করেন তিনি। গোলটি পরে ‘শতাব্দীর সেরা গোল’ হিসেবে খ্যাতি পায়।
একই ম্যাচের দুই ঐতিহাসিক গোলের সাক্ষী সেই বল এবার নিলামে উঠছে। ম্যারাডোনার ওই ম্যাচের জার্সিও ৯৩ লাখ ডলারে বিক্রি হয়ে ফুটবল ইতিহাসের সবচেয়ে দামি জার্সির রেকর্ড গড়েছিল। এবার বলটির সম্ভাব্য ১ কোটি ডলারের মূল্য সেই রেকর্ডকেও নতুন আলোচনায় নিয়ে এসেছে। এবার দেখার পালা, গোলের পর বলও ইতিহাস গড়তে পারে কি না।