Image description

বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে মাঠে নামার আগে ভ্রমণ জটিলতায় পড়েছে আর্জেন্টিনা। প্রতিকূল আবহাওয়ার কারণে দলটির নিউইয়র্কে যাওয়ার নির্ধারিত যাত্রা বিলম্বিত হওয়ায় প্রস্তুতিতে কিছুটা ব্যাঘাত ঘটেছে।

 

ইংল্যান্ডের বিপক্ষে নাটকীয় প্রত্যাবর্তনের মাধ্যমে ফাইনাল নিশ্চিত করার পর লিওনেল মেসি ও তার সতীর্থরা আটলান্টাতেই অবস্থান করছিলেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) নিউইয়র্কে গিয়ে ফাইনালের শেষ প্রস্তুতি নেওয়ার পরিকল্পনা করেছিলেন তারা।

তবে খারাপ আবহাওয়ার কারণে সেই পরিকল্পনা ভেস্তে যায়। জানা গেছে, আর্জেন্টিনা দল ও তাদের সফরসঙ্গী প্রতিনিধিদল দীর্ঘ সময় আটলান্টার হার্টসফিল্ড-জ্যাকসন আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে ছিলেন। স্বাভাবিক বিমান চলাচল শুরু হওয়ার অপেক্ষায় থাকতে হয় তাদের।

শেষ পর্যন্ত শুক্রবার ভোরে নিউইয়র্কে পৌঁছায় আর্জেন্টিনা। সাধারণত আটলান্টা থেকে নিউইয়র্কের বিমানযাত্রায় প্রায় ২ ঘণ্টা ২০ মিনিট সময় লাগে। এই বিলম্বে ফাইনালের আগে দলের প্রস্তুতির সূচিতে কিছুটা পরিবর্তন আনতে হয়েছে।

বুধবার ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয় বিশ্বকাপে ফাইনালে ওঠে আর্জেন্টিনা। ম্যাচে প্রথমে এগিয়ে ছিল ইংল্যান্ড। অ্যান্থনি গর্ডনের গোলে থমাস টুখেলের দল এগিয়ে যাওয়ার পর দীর্ঘ ৬০ বছর পর বিশ্বকাপের ফাইনালে ওঠার স্বপ্ন দেখতে শুরু করেছিল ইংলিশ সমর্থকরা।

তবে ম্যাচের শেষদিকে ঘুরে দাঁড়ায় আর্জেন্টিনা। নির্ধারিত সময় শেষ হওয়ার পাঁচ মিনিট আগে এনজো ফার্নান্দেজ সমতা ফেরান। এরপর ইংল্যান্ডের রক্ষণভাগের একাধিক ভুলের সুযোগ নিয়ে লাউতারো মার্তিনেজ জয়সূচক গোল করে আর্জেন্টিনাকে ফাইনালে তুলে দেন।

আগামী রোববার অনুষ্ঠিত হবে বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচ। বহুল প্রতীক্ষিত এই ফাইনাল নিশ্চিত হওয়ার পরপরই টিকিটের চাহিদা ১৬৫ শতাংশ বেড়ে গেছে।

অন্যদিকে, ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করা স্পেন ইতোমধ্যে নিউ জার্সিতে পৌঁছে অনুশীলন শুরু করেছে। ইউরোপের বর্তমান চ্যাম্পিয়নরা পুরো টুর্নামেন্টে মাত্র একটি গোল হজম করে ফাইনালে উঠেছে।

সূত্র: এওএল ডট কম