Image description

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেওয়া আর্জেন্টিনা দলের জয়ের অন্যতম রূপকার লিসান্দ্রো মার্তিনেস। অথচ গত বছর মারাত্মক এক চোটে পড়ে ফুটবলকেই চিরতরে বিদায় জানানোর কথা ভেবেছিলেন এই তারকা! শেষ পর্যন্ত কন্যাসন্তানের জন্মের পর পাল্টে যায় তার সেই সিদ্ধান্ত।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্যারিয়ারের সবচেয়ে কঠিন ওই সময়ের কথা অকপটে জানিয়েছেন তিনি। হাঁটুর লিগামেন্ট (এসিএল) ছিঁড়ে যাওয়ার পর দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়ার সময়টা তার জন্য মোটেও সহজ ছিল না।

হতাশা এতটাই গ্রাস করেছিল যে, বুটজোড়া তুলে রাখার সিদ্ধান্ত প্রায় নিয়েই ফেলেছিলেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি সত্যিই খুব বাজে একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলাম।
এমনকি অবসর নেওয়ার কথাও ভেবেছিলাম।’

তবে মাঠের বাইরের একটি বিশেষ ঘটনাই তাকে আবারও ঘুরে দাঁড়াতে সাহায্য করে।

লিসান্দ্রো মার্তিনেস জানান, তার স্ত্রীর সন্তান জন্মদানের মুহূর্তটি জীবনের মোড় ঘুরিয়ে দেয়। চোখের সামনে স্ত্রীকে অসম্ভব কষ্ট সহ্য করে কন্যা সন্তানের জন্ম দিতে দেখে তার চিন্তাধারায় আমূল পরিবর্তন আসে।

তিনি বলেন, 'মেয়ে পৃথিবীতে আসার পর সবকিছু ঠিক হতে শুরু করে। আমি দেখলাম আমার স্ত্রী সন্তান জন্ম দিতে গিয়ে কতটা কষ্ট করছে। ওই মুহূর্তে আমার মনে হলো সে পারলে আমি কেন লড়াই চালিয়ে যেতে পারব না?'

স্ত্রীর কাছ থেকে পাওয়া এই অনুপ্রেরণাই তাকে আবারও চেনা ছন্দে ফিরিয়েছে। চোট কাটিয়ে দারুণ ফর্মে ফেরা এই ডিফেন্ডার এখন দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। শেষ ষোলোর লড়াইয়ে কেপ ভার্দের বিপক্ষে দলের জয়ে বড় ভূমিকা রেখে আর্জেন্টিনাকে সেরা আটে পৌঁছে দিয়েছেন তিনি।

মাঠে নিজের আগ্রাসী মানসিকতা এবং রক্ষণভাগের নেতৃত্ব দেওয়ার জন্য আলাদা পরিচিতি রয়েছে তার। দীর্ঘ কয়েক মাস মাঠের বাইরে থাকার পর, ঠিক বিশ্বকাপের মতো বড় আসরে এমন দুর্দান্ত প্রত্যাবর্তন দলের অন্য খেলোয়াড়দের জন্যও এখন এক বড় অনুপ্রেরণা।