Image description

ঝালকাঠির নলছিটিতে ফুটবল খেলা নিয়ে তর্কের জেরে ব্রাজিল সমর্থক এক যুবককে ঘুষি মেরে নাকের হাড় ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে আর্জেন্টিনা সমর্থকের বিরুদ্ধে। এতে তার নাকের হাড় ভেঙে গেছে বলে দাবি স্বজনদের।

শুক্রবার (৩ জুলাই) বিকেলে উপজেলার কুলকাঠি ইউনিয়নের সরই গ্রামে এ ঘটনা ঘটে।

আহত ব্রাজিল ফুটবল দলের সমর্থকের নাম হাসিবুল ইসলাম (২০)। তিনি উপজেলার বারইকরন গ্রামের ব্যবসায়ী কামাল হোসেনের ছেলে।

পরিবারের অভিযোগ, ফুটবল খেলা নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে পাশের সরই গ্রামের আক্কেল আলী মোল্লার নাতি আর্জেন্টিনা সমর্থক শুভ হোসেন হাসিবুল ইসলামকে ঘুষি মারেন। এতে তিনি গুরুতর আহত হন এবং তার নাকে মারাত্মক আঘাত লাগে। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। চিকিৎসকরা জানান, হাসিবুল ইসলামের নাকের হাড় ভেঙে গেছে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, অভিযুক্ত শুভ হোসেনের পরিবার দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে আসছে। তাদের দাবি, অতীতেও বিভিন্ন সময়ে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষ ও মারধরের ঘটনায় পরিবারের সদস্যদের নাম উঠে এসেছে।

এ ছাড়া অভিযুক্ত শুভ হোসেনের বিরুদ্ধে স্থানীয়ভাবে মাদক সেবনের অভিযোগও রয়েছে বলে কয়েকজন বাসিন্দা দাবি করেছেন। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত শুভ হোসেনের কাছে জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, তার সঙ্গে কথা-কাটাকাটি হয়েছে। কোনো মারামারি হয়নি। তবে তার পরিবারের এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুজ্জান বলেন, ‘বিষয়টি আমাদের অবগত করা হয়েছে। আহত ব্যক্তিকে আগে চিকিৎসা নিতে বলা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’