সিলেট টেস্টে বাংলাদেশের কাছে পাকিস্তানের হারের পর শাস্তি পেলেন সালমান আলী আগা। আইসিসির আচরণবিধির লেভেল-১ ভঙ্গ করায় পাকিস্তানের এই অলরাউন্ডারকে আনুষ্ঠানিকভাবে তিরস্কার করা হয়েছে। সঙ্গে তার শাস্তিমূলক রেকর্ডে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।
ঘটনাটি পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের ৮২তম ওভারে। আউট হয়ে ড্রেসিংরুমে ফেরার পথে ব্যাট দিয়ে মাঠের বিজ্ঞাপন বোর্ডে আঘাত করেন সালমান। এ কারণেই তাঁকে আইসিসির আচরণবিধির ২.২ ধারা ভঙ্গের দায়ে দোষী সাব্যস্ত করা হয়।
এই ধারায় আন্তর্জাতিক ম্যাচ চলাকালে ক্রিকেট সরঞ্জাম, পোশাক, মাঠের সরঞ্জাম বা ফিক্সচার ক্ষতিগ্রস্ত করা বা অপব্যবহারকে অপরাধ হিসেবে ধরা হয়।
শুধু তিরস্কারই নয়, সালমানের নামের পাশে একটি ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে। গত ২৪ মাসে এটি তাঁর দ্বিতীয় অপরাধ। ফলে তাঁর মোট ডিমেরিট পয়েন্ট এখন দুই। এর আগে চলতি বছরের ১৩ মার্চ ঢাকায় বাংলাদেশের বিপক্ষে এক ওয়ানডেতেও একই ধারায় অপরাধ করেছিলেন তিনি।
সালমান নিজের অপরাধ স্বীকার করেছেন এবং এমিরেটস আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি জেফ ক্রোর প্রস্তাবিত শাস্তি মেনে নিয়েছেন। ফলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
মাঠের আম্পায়ার রিচার্ড কেটলবরো ও আলাউদ্দিন পালেকার, তৃতীয় আম্পায়ার কুমার ধর্মসেনা এবং চতুর্থ আম্পায়ার মাসুদুর রহমান মুকুল এই অভিযোগ আনেন।
আইসিসির লেভেল-১ অপরাধে সর্বনিম্ন শাস্তি আনুষ্ঠানিক তিরস্কার। সর্বোচ্চ শাস্তি হতে পারে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা এবং এক বা দুই ডিমেরিট পয়েন্ট।