Image description

চোটের কারণে ঢাকা টেস্টে খেলা হয়নি বাবর আজমের। পাকিস্তান দলে তার সতীর্থ ও অধিনায়ক শান মাসুদের চোখে বাবর এই প্রজন্মেরই সেরা ব্যাটসম্যানদের একজন। যদিও ২০২২ সালের ডিসেম্বরের পর টেস্টে কোনো সেঞ্চুরিই নেই বাবরের। গত তিন বছরে ১৪ টেস্টে তার সর্বোচ্চ ইনিংসটা ৮১ রানের। আর ঢাকা টেস্টে বাবরের জায়গায় একাদশে জায়গা পাওয়া আব্দুল্লাহ ফজল অভিষেকেই দুই ইনিংসে করেছেন হাফসেঞ্চুরি। আজ শুক্রবার ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এসে পাকিস্তানের কোচ সরফরাজ আহমেদ জানালেন, বাবর খেলার মতো সুস্থ হয়ে উঠেছেন এবং খেলবেন। এতে প্রশ্ন উঠতেই পারে, বাবর খেললে বাদ পড়বেন কে?

শুক্রবার জুমার নামাজের ঠিক পরপর অনুশীলনের জন্য সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আসেন পাকিস্তানের ক্রিকেটাররা। বৃষ্টির কারণে অনুশীলন শুরু করতে খানিকটা দেরি হয়। বৃষ্টি থামলে দলের সবাই এসে দেখেছেন উইকেট। শান মাসুদ, সালমান আলি আগা আর শাহীন শাহ আফ্রিদিরা অনেকটা সময় নিয়েই দেখেছেন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ২২ গজ, যে ভেন্যুতে তিন সংস্করণ মিলিয়েই প্রথমবারের মতো শনিবার খেলতে নামবে পাকিস্তান। ইনডোরে নেট অনুশীলন শেষে বাবর আজমও দেখেছেন উইকেট। শনিবার এখানেই তাকে মুখোমুখি হতে হবে নাহিদ রানা-তাসকিন আহমেদদের।

 

বাবরের খেলা প্রসঙ্গে সরফরাজ বলেছেন, ‘বাবর আজম পরবর্তী ম্যাচে একাদশে বিবেচিত হওয়ার অবস্থায় আছে।’ বাবর খেললে ঢাকায় অভিষিক্ত দুজন (আওয়াইস আজান ও আবদুল্লাহ ফজল) সিলেট টেস্টের একাদশে থাকবেন কি না, জানতে চাইলে পাকিস্তানের কোচ বলেছেন, ‘টসের পর একাদশ জানতে পারবেন।’ বাবরের সাম্প্রতিক টেস্ট পারফরম্যান্স হতাশাজনক জানিয়ে প্রশ্ন করা হলে সরফরাজের কাছ থেকে উত্তর এসেছে, ‘বাবর পাকিস্তান সুপার লিগে যেভাবে খেলেছে তাকে কৌশলগতভাবে অনেক শক্তিশালী আর মানসিক দিক থেকে খুব সতেজ মনে হয়েছে। তাকে দলে ফিরে পেয়ে আমরা খুশি।’ বাবরকে একাদশে ফিরিয়ে আনলে কোন ভূমিকায় তিনি খেলবেন, উইকেটের পেছনে মোহাম্মদ রিজওয়ানই থাকবেন কি না, এমন প্রশ্নেও সরফরাজ এড়িয়ে গিয়ে বলেছেন, ‘আমি এখনো আমার একাদশ ঘোষণা করিনি, উইকেটরক্ষক হিসেবে রিজওয়ান অসাধারণ।’

বাবরকে একাদশে জায়গা দিতে খুব সম্ভবত বাদ পড়তে যাচ্ছেন ইমাম-উল-হক। আবদুল্লাহ ফজল ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলেন উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে, তবে টেস্ট অভিষেকে তার ভূমিকা ছিল ওয়ান-ডাউন ব্যাটসম্যানের। ইমামকে বসিয়ে আবদুল্লাহ ফজলকে ইনিংসের গোড়াপত্তনে তুলে দিয়ে ওয়ান-ডাউনে ফিরতে পারেন বাবর, যে পজিশনে তিনি ২০২৪-২৫ সময়টা খেলেছেন। তবে সবশেষ সিরিজে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাবর খেলেছেন চারে, সরফরাজের পরিকল্পনা যদি তাকে চারেই খেলানো হয় তাহলে কপাল পুড়তে পারে ঢাকা টেস্টে শূন্য ও ১৫ রান করা সাউদ শাকিলের।