বাবা মারা গেছেন ছোটবেলায়, চার মাস আগে হারিয়েছে মাকেও। নানির অন্যের বাড়িতে কাজের টাকায় কোনো রকমে চলছে এতিম দুই শিশুর জীবন। সিরাজগঞ্জের দুই অসহায় এতিম শিশু রায়হান ও রোহানকে নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’–এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিগোচর হয়।
তারেক রহমান শিশু দুটির খোঁজখবর ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার নির্দেশ দেন তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে। এরই ধারাবাহিকতায় শুক্রবার (১৫ মে) দুপুরে সিরাজগঞ্জের সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের একডালা গ্রামে আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন ও উপদেষ্টা আবুল কাশেমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রায়হান ও রোহানের বাড়িতে যায়।
এ সময় রায়হান-রোহানের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দেন প্রতিনিধিদলের সদস্যরা।
প্রতিনিধিদল শিশু দুটির নিত্যপ্রয়োজনীয় খাদ্য, শিক্ষা, চিকিৎসা ও নিরাপদ আবাসনের বিষয়ে প্রয়োজনীয় সহায়তার উদ্যোগ নেয়। পাশাপাশি প্রধানমন্ত্রীর পক্ষে তাদের লেখাপড়ার জন্য এককালীন শিক্ষা বৃত্তিসহ মাসিক শিক্ষা বৃত্তিও ঘোষণা করে।
এ সময় আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য (এমপি) সেলিম রেজা, কাজিপুর পৌরসভার সাবেক মেয়র আব্দুস সালাম, বিএনপি নেতা হাসান, সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস, আমরা বিএনপি পরিবারের সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, ছাত্রদল নেতা মশিউর রহমান মহান, আব্দুল্লাহ আল মিসবাহসহ স্থানীয় নেতারা।
৯ বছর বয়সি রায়হান ও ৭ বছর বয়সি রোহান ছোটবেলাতেই বাবাকে হারায়। চার মাস আগে মায়ের মৃত্যুর পর তারা বর্তমানে বৃদ্ধ নানা আজিজুর রহমান ও নানি মালেকা বেগমের সঙ্গে কষ্টে জীবনযাপন করছে। অর্থাভাবে তাদের লেখাপড়া বন্ধ হয়ে গেছে এবং জরাজীর্ণ টিনের ঘরে দিন কাটছে।