নারায়ণগঞ্জে ভাইরাল পশুর তালিকায় একের পর এক যুক্ত হচ্ছে নতুন নতুন নাম। ট্রাম্প ও নেতানিয়াহু নামে মহিষ নিয়ে আলোচনা শেষ না হতেই এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রে এসেছে লম্বা সাদা দাড়িওয়ালা ‘মোদি মহিষ’। অদ্ভুত চেহারা, গোলাপি আভাযুক্ত শরীর আর ব্যতিক্রমী বৈশিষ্ট্যের কারণে বিরল প্রজাতির এই মহিষটিকে দেখতে প্রতিদিনই ভিড় করছেন দর্শনার্থীরা।
বিরল প্রজাতির এলভিনো বা গোলাপি রঙের বিশাল আকৃতির এই মহিষটির দেখা মিলছে স্থানীয় একটি খামারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, মহিষটির শরীরজুড়ে রয়েছে হালকা সাদা আভা এবং মুখের নিচে ঝুলে থাকা লম্বা সাদা দাড়ি, যা সহজেই নজর কাড়ছে দর্শনার্থীদের।
‘মোদি মহিষ’কে এক নজর দেখতে প্রতিদিনই খামারে ভিড় করছেন নানা শ্রেণি-পেশার মানুষ। খামার সূত্রে জানা গেছে, শুরুতে মহিষটির কোনো নির্দিষ্ট নাম ছিল না। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল হলে নেটিজনদের মধ্যে শুরু হয় নানা মজার আলোচনা।
অনেকেই মহিষটির লম্বা সাদা দাড়ি ও চেহারার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মিল খুঁজে পান। এরপর মজার ছলেই অনলাইন জরিপের মাধ্যমে মহিষটির নাম রাখা হয় ‘মোদি’।
খামারিরা বলছেন, ঈদুল আজহাকে সামনে রেখে ভিন্নধর্মী নামের পশু নিয়ে মানুষের আগ্রহ বাড়ছে। কারো নাম ট্রাম্প, কারো নেতানিয়াহু—আর সেই ধারাবাহিকতায় এবার আলোচনার কেন্দ্রে এসেছে সাদা দাড়িওয়ালা ‘মোদি’ মহিষ।
উল্লেখ্য, শহরের পাইকপাড়া এলাকায়একটি ফার্মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো দেখতে একটি মহিষ নিয়ে আগে থেকেই সরগরম ছিল নারায়ণগঞ্জ। পরে নতুন করে আলোচনায় আসে ক্ষ্যাপাটে স্বভাবের ‘নেতানিয়াহু’ মহিষ। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক তোলপাড় চলছে।
ঈদুল আজহার আগে আরও কোনো নতুন ‘ভাইরাল পশু’ আলোচনায় আসে কি-না, সেটিই এখন কৌতূহলের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
শীর্ষনিউজ