বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের শিরোপা আবারও ফিরে গেল বসুন্ধরা কিংসের ঘরে। মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেডকে হারিয়ে এক রাউন্ড আগেই চ্যাম্পিয়ন নিশ্চিত করেছে তারা।
শুক্রবার কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আবাহনীকে ২-০ গোলে পরাজিত করে কিংস। দ্বিতীয়ার্ধে জয়ের গোল দুটি করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড দরিয়েলতন ও মিডফিল্ডার সোহেল রানা।
লিগের ১৭তম রাউন্ডের এই ম্যাচটি কার্যত শিরোপা নির্ধারণী লড়াইয়েই পরিণত হয়েছিল। সমীকরণ ছিল জিতলেই চ্যাম্পিয়ন কিংস, আর আবাহনী জিতলে টিকে থাকত শিরোপার আশা।
২০১৮ সালে শীর্ষ লিগে অভিষেকের পর টানা পাঁচবার চ্যাম্পিয়ন হয়ে নতুন ইতিহাস গড়েছিল বসুন্ধরা কিংস। তবে গত মৌসুমে সেই আধিপত্য ভেঙে প্রথমবারের মতো শিরোপা জেতে মোহামেডান স্পোর্টিং ক্লাব। এবার অবশ্য মোহামেডান অনেক আগেই ছিটকে পড়ে শিরোপার লড়াই থেকে। সুযোগটা কাজে লাগিয়ে আবারও সিংহাসনে ফিরল কিংস।
ম্যাচের আগে দুই দলের মধ্যে ব্যবধান ছিল মাত্র এক পয়েন্ট। ফলে ড্র হলেও আবাহনীর কাজ কঠিন হয়ে যেত। কিন্তু কিংস কোনো হিসাবের সুযোগ রাখেনি।
৭৫তম মিনিটে ম্যাচের মোড় ঘুরে যায়। বল নিয়ে আবাহনীর বক্সে ঢুকে পড়েন ফয়সাল আহমেদ ফাহিম। তাকে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে ঠান্ডা মাথায় গোল করে কিংসকে এগিয়ে দেন দরিয়েলতন।
গোল হজমের ধাক্কা সামলানোর আগেই আবারও আঘাত হানে কিংস। দুই মিনিট পর বক্সের সামনে বল পেয়ে দুর্দান্ত শটে জাল কাঁপান সোহেল রানা।
এই জয়ে ১৭ ম্যাচ শেষে ৩৮ পয়েন্ট নিয়ে শিরোপা নিশ্চিত করল বসুন্ধরা কিংস। অন্যদিকে আরেকটি মৌসুম শূন্য হাতেই শেষ হতে যাচ্ছে আবাহনীর। ফেডারেশন কাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ার পর সমর্থকদের শেষ আশা ছিল লিগ শিরোপা। কিন্তু সেই স্বপ্নও গুঁড়িয়ে দিল কিংস।