ওয়ানডে ক্রিকেটকে গত বছরই বিদায় জানিয়ে দিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভেন স্মিথ ও মার্কাস স্টয়নিস। তবে সাদা বলের আরেক সংস্করণ টি-টোয়েন্টি চালিয়ে যেতে চেয়েছেন অস্ট্রেলিয়ার এই তিন তারকা ক্রিকেটার। কিন্তু বাংলাদেশ সফরের টি-টোয়েন্টি স্কোয়াডে তাদের কাউকে রাখা হয়নি!
এমন নয় যে, ম্যাক্সওয়েল, স্মিথ ও স্টয়নিস বাংলাদেশ সফরে আসতে চাননি বা এই সিরিজে বিশ্রাম চেয়েছেন। ম্যাক্সওয়েল ও স্মিথের এই মুহূর্তে কোনো ব্যস্ততাও নেই।
তাই বাংলাদেশের বিপক্ষে সিরিজে জায়গা না হওয়ায় ক্রিকেটপ্রেমীদের মনে প্রশ্ন উঠেছে—অস্ট্রেলিয়ার হয়ে ম্যাক্সওয়েল, স্মিথ ও স্টয়নিসের টি-টোয়েন্টি ক্যারিয়ার কি শেষ হয়ে গেল?
এই প্রশ্নের উত্তর দিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাচক জর্জ বেইলি। তিনি জানিয়েছেন, ম্যাক্সওয়েল, স্মিথ ও স্টয়নিসকে বাদ দেওয়া হয়নি। বরং নতুনদের সুযোগ করে দিতে তাদের বিশ্রামে রাখা হয়েছে।
বাংলাদেশ সফরের স্কোয়াড ঘোষণার পর বেইলি বলেছেন, ‘তাদের যাত্রা শেষ হয়ে যায়নি। আমি এটাকে ঠিক বাদ পড়া বলব না। তবে অবশ্যই টি-টোয়েন্টির এই পর্যায়ে এসে আমরা যেখানে আছি এবং (২০২৬) বিশ্বকাপে আমাদের ফলাফলের পরিপ্রেক্ষিতে আমার মনে হয় নতুন খেলোয়াড়দের পরখ করে দেখার এটা দারুণ সুযোগ।’
বেইলি আরো জানিয়েছেন, ভবিষ্যতের কথা বিবেচনায় নিয়ে শক্তিশালী দল গড়ে তোলার পাশাপাশি প্রতিযোগিতামূলক অবস্থান ধরে রাখাই অস্ট্রেলিয়ার মূল লক্ষ্য।
আগামী জুনে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া দল।