Image description

ঢাকা-১৫ আসনের পানির সমস্যা সমাধানে প্রয়োজনীয় সবকিছু করার প্রতিশ্রুতি দিয়েছেন ওই আসনের সংসদ সদস্য, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সোমবার (১১ মে) রাতে স্থানীয় বাসিন্দাদের পানির সংকট নিরসনে ভুক্তভোগী এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ প্রতিশ্রুতি দেন।

মতবিনিময় সভায় মনিপুর, কাজীপাড়া, ইব্রাহিমপুর ও কাফরুল এলাকার বাড়ি মালিক সমিতির নেতৃবৃন্দ এবং উপস্থিত ভুক্তভোগীরা বলেন, পানির তীব্র সংকটে এলাকায় স্বাভাবিকভাবে বসবাস প্রায় অসম্ভব হয়ে পড়েছে। নিত্যদিনের গোসল, প্রাকৃতিক প্রয়োজন মেটানোসহ পানীয় জলও পর্যাপ্ত মিলছে না। ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর এই সংকট আরও তীব্র আকার ধারণ করেছে বলে তারা অভিযোগ করেন। পাশাপাশি স্বার্থান্বেষী মহলের হীন উদ্দেশ্যে এলাকায় কৃত্রিম সংকট সৃষ্টি করা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তারা।

এ সময় জামায়াত আমির স্থানীয় বাসিন্দাদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং সমস্যা সমাধানে প্রয়োজনীয় সবকিছু করার আশ্বাস দেন। তিনি বলেন, এই অঞ্চলের সব সমস্যা সমাধানে তিনি জনগণের পাশে থাকবেন।

ডা. শফিকুর রহমান আরও বলেন, পানির সংকট সমাধানের জন্য তিনি ইতোমধ্যে ওয়াসার এমডির সঙ্গে কথা বলেছেন। এ এলাকার সমস্যা তিনি জাতীয় সংসদে উত্থাপন করলে প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে বিষয়টি সমাধানে বিশেষ ভূমিকা রাখবেন বলে আশ্বাস দিয়েছেন বলেও জানান তিনি।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগরী উত্তরের আমির মো. সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মুসা এবং মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিকসহ স্থানীয় নেতৃবৃন্দ।

মনিপুর এলাকা থেকে অংশ নেন পূর্ব মনিপুর বাড়ি মালিক সমিতির সভাপতি সরোয়ার আলম, কাঁঠালতলা বাড়ি মালিক সমিতির সভাপতি শফিকুল ইসলাম, মনিপুর বাড়ি মালিক সমিতির সভাপতি ফজলুল হক, ইব্রাহিমপুর আদর্শ পল্লীবাড়ি মালিক সমিতির সভাপতি আজিম উদ্দিনসহ স্থানীয় বাসিন্দারা।