বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরবর্তী নির্বাচন আয়োজনের প্রাথমিক প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবির অ্যাডহক কমিটি।
সোমবার (৪ মে) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত কমিটির তৃতীয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
গত মাসে বিসিবির দায়িত্ব দেওয়া হয় নতুন অ্যাডহক কমিটিকে। সেই কমিটির সভাপতি করা হয়েছে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে। দায়িত্ব নেওয়ার পর থেকেই বোর্ড নির্বাচন নিয়ে আলোচনা চলছিল। এবার আনুষ্ঠানিকভাবে সেই প্রক্রিয়া এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত হলো।
বিসিবি জানিয়েছে, গঠনতন্ত্রের ১২.৭ অনুচ্ছেদ অনুযায়ী সব ক্যাটাগরি থেকে কাউন্সিলর মনোনয়ন চেয়ে শিগগিরই নোটিশ দেওয়া হবে। এটিই নির্বাচনের প্রস্তুতির প্রথম ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে।
পরবর্তী বিসিবি নির্বাচন পরিচালনার জন্য তিন সদস্যের নির্বাচন কমিশন গঠনেরও অনুমোদন দিয়েছে বোর্ড। এই কমিশনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় অথবা জাতীয় ক্রীড়া পরিষদের একজন প্রতিনিধি থাকবেন। বাকি দুজন সদস্য মনোনয়ন দেবে বিসিবি।
সভায় আঞ্চলিক ক্রিকেট সংস্থা নিয়েও সিদ্ধান্ত হয়েছে। চট্টগ্রাম, সিলেট ও বরিশালের আঞ্চলিক ক্রিকেট সংস্থাগুলোর আগে গঠিত অ্যাডহক কমিটি অবিলম্বে বিলুপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।
এ ছাড়া বাণিজ্যিক অংশীদারিত্ব নিয়েও সিদ্ধান্ত এসেছে সভা থেকে। দুই বছরের জন্য কোকা-কোলা বাংলাদেশকে বিসিবির অফিসিয়াল ড্রিংকিং ওয়াটার ও বেভারেজ পার্টনার হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে।