জাতীয়তাবাদী যুবদলের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার। যুবদল থেকে বহিষ্কার হওয়ার পর সম্প্রতি এনসিপিতে যোগ দিয়ে আলোচনায় এসেছেন। আওয়ামী লীগ সরকারের সময় ৩৬৬টি রাজনৈতিক মামলার শিকার হয়েছেন। তিনি অতিথি হয়ে এসেছিলেন এশিয়া পোস্টের ধারাবাহিক অনুষ্ঠান আলাপনে। কথা বলেছেন দলবদল, রাজনীতি ও সমসাময়িক বিভিন্ন প্রসঙ্গে। সঞ্চালনা করেছেন রাহাত রূপান্তর।
এশিয়া পোস্ট : গত কয়েক দিন আগেও আপনি বিএনপির ইসহাক সরকার নামে পরিচিত ছিলেন। এখন এনসিপির ইসহাক সরকার। এই দুই দলের ইসহাক সরকার—কেমন লাগছে, অনুভূতি কেমন?
ইসহাক সরকার : খুব ভালো লাগছে। দীর্ঘদিনের পুরোনো পথচলা এবং নতুন করে আবার শুরু করা—দুইটার মধ্যে অনেক ভিন্নতা আছে। যেহেতু দীর্ঘদিন একসঙ্গে পথ চলেছি, আবার নতুন করে শুরু করতে হচ্ছে।
এশিয়া পোস্ট : আপনি ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ছিলেন, যুবদলেও ছিলেন একই পদে। আপনার রাজনীতি শুরু করেছেন ছাত্রজীবনে। শুরুর গল্পটা কেমন ছিল?
ইসহাক সরকার : প্রথমে এরশাদবিরোধী আন্দোলনে অল্প অল্প করে রাজনীতির ময়দানে আসা শুরু করি। আমার এলাকার এক বড় ভাই ছিলেন, বর্তমানে সাংবাদিক মমিন ভাই। উনার হাত ধরে তৎকালীন ৩৫নং ওয়ার্ড, তৎকালীন ৭১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করি। প্রথম যখন রাজনীতিতে আসি—মিছিল, মিটিং, সভা, সমাবেশ খুব একটা ভালো লাগত না। আমরা বিএনপির পার্টি অফিসের সামনে এসে বসে পড়তাম, সেখানে নেতারা বক্তব্য রাখতেন। আমরা মাটিতে বসে বক্তব্য শুনতাম। অনেক সময় ডানে-বামে তাকিয়ে দেখতাম যে নেতা আছেন কি না। না থাকলে পেছন থেকে পালিয়ে চলে যেতাম। এভাবে অনেক দিন করার পর আস্তে আস্তে আবার কেন জানি আকর্ষিত হয়ে যাই। আকর্ষণ হওয়ার পর থেকেই পথচলা শুরু। এরপরে আপনার ’৯১-তে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, এরপর ’৯৬ পর্যন্ত ছিল। ’৯৬ থেকে যখন সরকারবিরোধী আন্দোলনে চলে গেল বিএনপি, ঠিক তখন থেকেই আমার সক্রিয় রাজনীতিতে একেবারে পথচলা শুরু।
এশিয়া পোস্ট : আপনার রাজনীতিতে উত্থান নিয়ে প্রায়ই নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর নাম বলেন। ছাত্রদল বা যুবদলে পদপদবি কি তার কারণেই পেয়েছেন?
ইসহাক সরকার : আমরা কঠোর পরিশ্রম করে আন্দোলনের মধ্য দিয়ে এসেছি। তখনও ১০৭টি মিথ্যা মামলায় আমাকে জড়ানো হলো। পুরান ঢাকা মানে আন্দোলনের স্ফুলিঙ্গ এবং এর বিষবাষ্প ছড়িয়ে পড়ে দেশব্যাপী। তখন আমাদের পিন্টু ভাই, সাদেক হোসেন খোকা ভাই ছিলেন ওই এলাকার দায়িত্বে। যে কারণে আমরা ব্যাপক ও তীব্র আন্দোলন করতাম। তো আমরা আন্দোলন করেই দায়িত্বে এসেছি। আমরা কোনো ভাইয়ের কারণে আন্দোলনে বা আমাদের দায়িত্বে আসিনি, পদ-পদবিতে আসিনি। আমার বিরুদ্ধে ৯৮ থেকে মামলা শুরু হলো। ৯৯ থেকে ২০০১ সাল পর্যন্ত আমার বিরুদ্ধে ১০৭টি মিথ্যা মামলা করা হলো। আমার পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধেও একই পরিমাণে মামলা দেওয়া হলো।
যখন গ্রেপ্তার হলাম, আমার ছোট ভাই থানাহাজতে খাবার দিতে গেল। তার বয়স ১২ কিংবা ১৩ হবে, হাফেজি পড়ে। তখন কোতোয়ালির ওসি ছিল মনোয়ার হোসেন। স্পষ্ট মনে আছে, মনোয়ার সাহেব যখন রুম থেকে বেরিয়ে এলেন, তখন আমাকে খাবার দিচ্ছে। তিনি আমার ভাইকে দেখে জিজ্ঞেস করেন, ‘এই, এটা কে?’ বললাম, ‘মনোয়ার ভাই, আমার ছোট ভাই, খাবার দিতে আসছে।’ মনোয়ার সাহেব বললেন, ‘এই সেন্ট্রি, ওকে অ্যারেস্ট করো। ওকেও ধরো।’ ওকে ধরে আমার সামনে মনোয়ার সাহেব বেদম প্রহার করলেন। আমি তখন লকআপ ধরে কাঁদতে কাঁদতে বললাম, ‘মনোয়ার ভাই, আমার ছোট ভাই তো রাজনীতি করে না। ওকে এভাবে নির্যাতন করছেন? ও তো এগুলো সম্পর্কে কোনো ধারণা রাখে না। আমাকে খাবার দিতে আসছে। ওকে মারবেন না। ওর জীবনটা নষ্ট করে দেবেন না। ও ভয় পেয়ে যাবে।’ কোনো কথাই শুনলেন না। তিনি বললেন, ‘ঠিক আছে, সন্ধ্যার পরে ছেড়ে দেব।’ এই কথা বলার পরও তার বিরুদ্ধে প্রায় ১৪টি মামলা করল। আমার বড় ভাইয়ের বিরুদ্ধে ১৫২টি মিথ্যা মামলা করা হলো। তো পরিবারের ওপর টার্গেট করেই একের পর এক মামলা দেওয়া হলো। যেহেতু পুরান ঢাকা আন্দোলনের ক্ষেত্র, আন্দোলনের জায়গা, সেই হিসেবে আমাদের এই মামলাগুলো দেওয়া হতো। প্রতিদিন হরতাল হওয়ামাত্রই আমি থাকি বা না থাকি, আমার বিরুদ্ধে পাঁচটি, সাতটি, ১০টি মামলা দিত।
এশিয়া পোস্ট : নিজের রাজনীতির কারণে পরিবারকে এ রকম বেগ পোহাতে হচ্ছে, তাদের ভোগান্তি পোহাতে হচ্ছে, বিড়ম্বনায় পড়ে যাচ্ছে। নিজেকে কখনো অপরাধী মনে হয়?
ইসহাক সরকার : নিজেকে কখনো অপরাধী মনে হয়নি। কারণ, আমার পরিবারের পক্ষ থেকে আমাকে সমর্থন ছিল এবং ভালোবাসাও ছিল। আমার মা-বাবা বৃদ্ধ ছিলেন। আমি যখন ’৯৮ সালে গ্রেপ্তার হলাম, দীর্ঘ সাড়ে তিন বছর একটানা কারাগারে ছিলাম। কারাগারে থাকা অবস্থায় বাবার মৃত্যুসংবাদ পাই। কারাগারে থাকা অবস্থায় আমাকে যখন প্যারোলে মুক্তির ব্যবস্থা করা হলো, আদালত প্রথমে নাকচ করে দিয়েছেন। তখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন মোহাম্মদ নাসিম। আমাদের পিন্টু ভাই ম্যাডামের পারমিশন নিয়ে নাসিম সাহেবের সঙ্গে কথা বলেন। তখন আমাকে দুই ঘণ্টার জন্য প্যারোলে নিয়ে আসেন।
এশিয়া পোস্ট : আপনার ৩০ বছরের রাজনৈতিক জীবনে সবচেয়ে চ্যালেঞ্জিং মুহূর্ত কোনটা ছিল?
ইসহাক সরকার : আমার পুরো সময়টাই চ্যালেঞ্জিং ছিল। ’৯৮ সাল থেকে জেল খাটা শুরু করলাম, এক দিনের জন্য স্বস্তি পাইনি। জেলখানা থেকে বের হয়ে আসার পরও যখনই জামিনে বের হতাম, আবার আমাকে জেলগেট থেকে গ্রেপ্তার করা হতো। প্রায় আটবার গ্রেপ্তার করেছিল জেলগেট থেকে। আমি জামিনে মুক্ত, হাইকোর্ট মুক্তির অর্ডার দিয়েছেন—‘নট টু অ্যারেস্ট, নট টু হ্যারাস’। মানে তাকে অ্যারেস্টও করা যাবে না, হ্যারাসমেন্টও করা যাবে না। এরপরও আমাকে কারাফটক থেকে প্রায় যতবার জামিন নিয়ে বের হই, ততবারই গ্রেপ্তার করে নিয়ে যায়। পুরো জীবনটা এভাবেই কেটেছে। বিশেষ করে আমি সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং সময় পার করেছি ৯৮ থেকে ২০০১ সাল পর্যন্ত। পুরান ঢাকার নয়াবাজার ও বংশাল এলাকায় যখন আন্দোলন করি, তখন আমার সাতজন বন্ধু পুলিশের গুলিতে মারা গিয়েছিল।
আর সবচেয়ে বেশি খারাপ সময় গেছে কিছুদিন আগে, যখন ফ্যাসিবাদী শেখ হাসিনা জুলুমের রাজত্ব কায়েম করেছিল। তখন আমাদের ওপর হুলিয়া এসে পড়ল। আমার বিরুদ্ধে ৩৬৬টি মিথ্যা মামলা করা হলো। আমার পরিবারের বিরুদ্ধে শতাধিক মিথ্যা মামলা হলো। ছোট ভাই, বড় ভাই—সবাই আক্রান্ত হলো। আমি যখন কারাগারে, তখন বাসার সুয়ারেজ লাইন কেটে দিল, বাসার বিদ্যুতের লাইন কেটে দিল। মানে একটা পরিবারের ওপর যত রকম হামলা করা যায়। শেষে আমার দুইটা ছোট বাচ্চার ওপরও মামলা দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হলো। আমাকে গুম করে ফেলার চেষ্টা করা হলো। আন্দোলন করতে গিয়ে আমার নিজের হাতে গড়া সাত সহযোদ্ধা—তার মধ্যে আমার আপন ভাতিজাও আছে—তাদের ২০১৩ সালে গুম করে ফেলেছিল। আজও তাদের কোনো খোঁজ পাইনি। সবচেয়ে খারাপ লাগার মুহূর্ত ছিল যখন আমি নির্বাচনে অংশগ্রহণ করি। আমাকে পার্টি থেকে বলা হয়েছিল প্রস্তুতি নেওয়ার জন্য।
এশিয়া পোস্ট : রাজনৈতিক জীবনে সবচেয়ে খারাপ লাগা বা হতাশার কোনো ঘটনা আছে কি না?
ইসহাক সরকার : এবার আমি যখন নির্বাচনে অংশগ্রহণ করি, তখন একটা সমস্যা তৈরি হয়েছিল। আমাদের ওই এলাকার পাঁচজন প্রার্থী একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে বিএনপির প্রার্থীর বিরুদ্ধে আমরা বিদ্রোহ করি। বিদ্রোহ করার পর আমাদের দাবি ছিল যে আমাদের মধ্য থেকে এই এলাকার স্থানীয় যারা আছেন, তাদের মধ্য থেকেই আপনি যাকেই মনে হয় তাকেই মনোনয়ন দেবেন। আমরা এখানে সবাই নির্যাতিত পরিবার। যেমন আলহাজ নাসিরুদ্দিন আহমেদ পিন্টু ভাইয়ের পরিবার, মীর নেওয়াজ আলী নেওয়াজ ভাইয়ের পরিবার, যিনি মৃত্যুঞ্জয়ী জননেতা, মীর মোশারফ হোসেন খোকন ভাই, উনিও নির্যাতিত এবং বারবার নির্যাতনের শিকার হয়েছিলেন, মনির চেয়ারম্যান, যিনি মৃত্যুঞ্জয়ী; যাকে আটটি গুলি করা হয়েছিল পার্টির কারণে—উনিও ছিলেন একজন প্রার্থী। আমরা পাঁচজন ঐক্যবদ্ধ হয়ে পার্টিকে বললাম যে অন্তত আমাদের মধ্য থেকেই যে কাউকে নমিনেশন দেন। কিন্তু পার্টি সেটার ব্যাপারে কোনো কর্ণপাত করেনি। বহিরাগত একজনকে এনে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছিল। একে একে সবাইকে পার্টি ডেকে নিয়ে আলাদাভাবে কথা বলে বসিয়ে দিয়েছিল। কিন্তু একমাত্র আমি ডাক পাইনি। কেন পাইনি, আমি সেটা আজও জানি না বা আমাকে কেন ডাকা হলো না, সেটা বুঝতে পারিনি। তখন খুব খারাপ লেগেছিল।
পরে তো আমাকে পার্টি থেকে বহিষ্কার করে দেয়। কোনো ধরনের চিঠি বা কোনো ধরনের শোকজ বা কোনো কিছু জানানো হয়নি। আমি অনলাইন, টিভি ও সংবাদের মাধ্যমে জানতে পারি যে আমাকে বহিষ্কার করা হয়েছে। তখন জীবনের ৩০ বছরের দুঃখ-কষ্ট সবচেয়ে বেশি অনুভব করেছিলাম। সেদিন ভেবেছিলাম, এই পার্টির জন্য এত কষ্ট করলাম, জীবন-যৌবন বিসর্জন দিলাম, পার্টি অন্তত একটিবারের জন্যও আমাকে ডাকতে পারত। আমাকে বললে হয়তো বসে যেতাম। আমি পার্টির আনুগত্যের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধাশীল ছিলাম। কারণ, এই পার্টিকে আমি বুকে ধারণ ও লালন করেছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছ থেকে আমি অনেক সুযোগ-সুবিধা পেয়েছি। উনি আমাকে স্নেহ করতেন, ভালোবাসতেন এবং সন্তানের মতো আদর করতেন। সেই পার্টির বিরুদ্ধে যাব—এটা আমি কোনো দিনই কল্পনা করতে পারিনি। সেদিনই আমার জীবনের সবচেয়ে খারাপ সময় গেছে। আমাকে বহিষ্কার করার পর অঝোরে কান্না করেছিলাম।
এশিয়া পোস্ট : এবার ভালোটা জানতে চাই। সবচেয়ে ভালো লাগার মুহূর্ত কোনটা ছিল?
ইসহাক সরকার : ভালো লাগার মুহূর্তগুলো ছিল, যখন ম্যাডাম খুব কাছ থেকে আদর করতেন। আমি এক দিন ম্যাডামের কাছে হাজির হলাম, ম্যাডাম ট্রিটমেন্টের জন্য হাসপাতালে যাবেন। আমরা তার গুলশানের বাসায় উপস্থিত হলাম। একে একে সবাই দাঁড়িয়ে সালাম বিনিময় করছি। ঠিক ওই মুহূর্তে আমাদের স্থায়ী কমিটির সদস্য ড. জেড এম জাহিদ খান বলছেন, ‘ম্যাডাম আসছে।’ ম্যাডাম দেখে বললেন, ‘ইসহাক না? ইসহাক সরকার? ইসহাক সরকার আসছে, ওকে আমি অনেক পছন্দ করি। ওর জীবনের সব অর্জন ও কষ্ট আমি নিজের চোখে দেখেছি। ওকে তোমরা দেখে রাখবা।’ আমার নামেই তিনি চিনতেন আমাকে। শুধু তা-ই নয়, আমি যখন ছোট ইসহাক সরকার, আমার বয়স তখন ২০ বছর—তখন প্রতিটা প্রোগ্রামে ম্যাডাম বক্তব্যের মাঝখানে আমার নাম বলে বলতেন যে ‘ইসহাক সরকার ছোট্ট একটা ছেলে, তার বিরুদ্ধে শতাধিক মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। তাকে গ্রেপ্তার করে নির্যাতন করা হয়েছে।’ প্রতিটা স্টেজ প্রোগ্রামে ম্যাডাম আমার কথা বলতেন। এটা আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।
এশিয়া পোস্ট : এই ৩০ বছর আপনি বিএনপিতে পার করেছেন—বিএনপির ছাত্র সংগঠন, যুব সংগঠন—সব মিলিয়ে কী পেলেন বিনিময়ে?
ইসহাক সরকার : মানুষের ভালোবাসা। সারা দেশের তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ জনগণের যে ভালোবাসা পেয়েছি, এটা কোনো পদ-পদবি বা অন্য কিছু দিয়ে মূল্যায়ন করা যাবে না। আমি ইসহাক সরকার সারা জীবন সততা নিয়ে রাজনীতি করেছি। কেউ বলতে পারবে না ইসহাক সরকারের আচরণে কষ্ট পেয়েছে। এরপরও মানুষমাত্রই ভুল হতেই পারে, কিন্তু জানামতে আমি কাউকে আঘাত দিয়ে কথা বলিনি বা কারও ওপরে জুলুম করিনি, অত্যাচার করিনি অথবা একজন নেতা হিসেবে কারও প্রতি অন্যায় কোনো কিছু চাপিয়ে দিয়েছি ইনশাআল্লাহ এটা কেউ বলতে পারবে না। এই যে মানুষের যে ভালোবাসা, এটা কোনো কিছুর বিনিময়ে পাওয়া সম্ভব নয়। আমি সাধারণ মানুষের ভালোবাসা পেয়েছি, জনগণের ভালোবাসা পেয়েছি এবং নেতাকর্মীদের অকুণ্ঠ সমর্থন পেয়েছি—এটাই আমাকে এত দূর নিয়ে এসেছে। আজ আপনি আমাকে এখানে ডেকেছেন। আমি যদি একজন সাধারণ নেতা বা কর্মী হতাম, হয়তো ডাকতেন না। অসাধারণ কিছুটা হয়তো হয়েছি জনগণের ভালোবাসায়, যার কারণে আজ আমাকে এখানে ডেকেছেন।
এশিয়া পোস্ট : বিএনপি থেকে ঠিক আছে আপনি অভিমান করেছেন বা আপনাকে রাখা হয়নি। আপনার কাছে কেন উপযুক্ত মনে হলো এনসিপিকে?
ইসহাক সরকার : ছাত্র-জনতার অভ্যুত্থান ও গণবিপ্লবের মধ্য দিয়েই ৫ তারিখের ফ্যাসিবাদের পতন ঘটেছে। আমি উপযুক্ত এই কারণে মনে করছি যে ছাত্ররাই কিন্তু আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল এবং আমি সে সময় ছাত্রদের নেতৃত্বে ফ্যাসিবাদের পতনের ভূমিকায় অবতীর্ণ ছিলাম। আমার কাছে মনে হয়েছিল যে আমরা ১৭ বছর যে কাজটি করতে পারিনি, তারা সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। আমার দলের সব নেতাকর্মী যার যার অবস্থান থেকে নেমে পড়েছিল, কিন্তু নেতৃত্বের মূল জায়গাটাই ছিল এই ছাত্ররা। ৩৬৬টি মামলার মধ্যে মাত্র পাঁচটি মামলায় আমাকে ২২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। আমার উপলব্ধি হলো, এই ছাত্রদের কারণেই আমি পুনরায় নতুন জীবন ফিরে পেলাম। তাদের কারণেই আমাকে হয়তো ফাঁসির কাষ্ঠে ঝুলতে হলো না। তাদের কারণেই আমরা গণতন্ত্র ফিরে পেলাম এবং আমাদের অধিকার ও মানবাধিকার ফিরে পেলাম। এখন আমার মনে হলো এই ছাত্রদের দিয়েই আমাদের দেশের আমূল পরিবর্তন সম্ভব। এই ছাত্রনেতারা যোগ্য ও মেধাবী এবং তারা যে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে, সেটা আমরা আরও অনেক চেষ্টা করলে হয়তো পেরে উঠতাম না। কারণ, আমরা সাংগঠনিকভাবে অনেকটাই দুর্বল হয়ে পড়েছিলাম। আমাদের বিরুদ্ধে শত শত মিথ্যা মামলা ছিল। আমাদের সিনিয়র নেতাদের জুডিশিয়ারি কিলিং করা হচ্ছিল। কারাগারে পিন্টু ভাইকে হত্যা করা হলো এবং বেছে বেছে চৌধুরী আলমকে গুম করা হলো। এভাবে নেতাকর্মীদের যেভাবে ফ্যাসিবাদের ষড়যন্ত্রে হত্যা ও গুম-খুনের শিকার হতে হচ্ছিল, তাতে আমরা সাংগঠনিকভাবে অনেকটাই দুর্বল হয়ে পড়েছিলাম। আজ আল্লাহর বিশেষ দয়ায় এই ছাত্রদের কারণে আবার প্রাণশক্তি ফিরে পেয়েছি।
এশিয়া পোস্ট : জুলাই আন্দোলন নিয়ে রাজনৈতিক দলগুলো বিভিন্ন ব্যক্তিকে মাস্টারমাইন্ড হিসেবে উপস্থাপন করে। আপনার দৃষ্টিতে কাকে মাস্টারমাইন্ড মনে করেন?
ইসহাক সরকার : আমি মাস্টারমাইন্ড মনে করি যারা ব্যক্তিগতভাবে রাজপথে নেমে আসছিল, তারাই মাস্টারমাইন্ড। এখানে কেউ বলতে পারবে না যে এককভাবে এই কৃতিত্ব কারও ব্যক্তিগত। আপনি হাসনাত বলেন, সারজিস বলেন বা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন—যাদের কথাই বলেন, কেউ এটার একক মাস্টারমাইন্ড নয়। আমি মনে করি সবার সম্মিলিত প্রচেষ্টায় এই ফ্যাসিবাদের পতন ঘটানো সম্ভব হয়েছিল। এটা কেউ যদি বলে যে, অমুক ব্যক্তি মাস্টারমাইন্ড বা অমুক বিদেশ থেকে নেতৃত্ব দিয়েছে—আমি এটাকে বিশ্বাস করি না। আমি মনে করি যে এটা সবার সম্মিলিত প্রচেষ্টা। আপনি যখন একজন সাংবাদিক এবং আপনি যখন দেখবেন যে আপনার সন্তান বাহিরে আন্দোলন করতে নেমে গেছে, আপনি বাবা হিসেবে ঘরে বসে থাকতে পারতেন? আমাদের ক্ষেত্রে সেটাই হয়েছে। আমরা যখন দেখেছি আমাদের সন্তানরা রাজপথে নেমে এসেছে এবং আমাদের কোমলমতি ছাত্ররা রাস্তায় নেমেছে, তখন সবাই যার যার অবস্থান থেকে বেরিয়ে এসে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি। এখানে কেউ আলাদা মাস্টারমাইন্ড নয়। আর যদি আমরা কোনো বিশেষ মাস্টারমাইন্ডের কথা মনে করতাম, তাহলে এই ছাত্র-জনতা ও আপামর জনগণ রাস্তায় নেমে আসত না।
এশিয়া পোস্ট : আপনি বলেছেন যে পুরান ঢাকায় আপনার জনপ্রিয়তা ও জনসমর্থন আছে। যদি এত জনসমর্থন থাকে, তাহলে গত নির্বাচনে আপনি প্রার্থী হয়েছেন, আপনার ভোটের পরিমাণ তুলনামূলক কম। এটা কেন হয়েছে?
ইসহাক সরকার : আপনারা তো জানেন নির্বাচনটা কেমন হয়েছে। আমার কাছে তো মনে হয় ইঞ্জিনিয়ারিং হয়েছে। তিন ঘণ্টা ভোটকেন্দ্রের সামনে যেতে দেয়নি। গণনা করার সময় ঢুকতে দেওয়া হয়নি। আমার পোলিং এজেন্ট যারা ছিল, তাদের বের করে দেওয়া হয়েছে এবং সকালে যারা ঢোকার চেষ্টা করেছিল, তাদের অনেককে বের করে দিয়েছে। সেখানে আমার কাছে মনেই হলো যে ইলেকশনটা ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। কারণ কী? ওখানে ঘোষণা শুনতে পেলাম যে জামায়াতের প্রার্থী পাস করেছে, কিন্তু তিন ঘণ্টা পর ভোরে আবার শুনলাম যে না, বিএনপির প্রার্থী পাস করেছে। তো কে পাস করেছে বা কে ফেল করেছে সেটা বিষয় না। আমি দুই দিনে ৬০০০ গণস্বাক্ষর নিয়েছিলাম। আমি যেহেতু স্বতন্ত্র থেকে দাঁড়িয়েছিলাম, তাই বিধান অনুযায়ী ৬০০০ লোকের সমর্থন থাকা দরকার। আমি সেই স্বাক্ষর দিয়েছি। তো ওই ৬০০০ পরিবার গেল কোথায়? আমাকে তো এত কম ভোট পাওয়ার কথা না। কাজেই আমার কাছে মনে হয়েছে নির্বাচনটা একটু ব্যতিক্রম হয়েছে এবং রেজাল্ট শিটে অনেক পোলিং এজেন্টের স্বাক্ষর নেওয়া হয়নি।
এশিয়া পোস্ট : আপনি এনসিপিকে বেছে নিয়েছেন। কিন্তু আপনাকে দলে পেয়ে এনসিপির কী লাভ হলো?
ইসহাক সরকার : এনসিপি কী পেয়েছে না পেয়েছে, সেটা তো আমি জানি না। উনারা আমাকে দায়িত্ব দিয়েছে, এতটুকুই বুঝি। পুরান ঢাকায় আমাদের সংগঠনকে শক্তিশালী করার জন্য যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা আমি পালন করব। এনসিপির কী লাভ হয়েছে, তা এনসিপিই ভালো বলতে পারবে। কিন্তু আমি মনে করি আমার লাভ হয়েছে। আমি যদি দুই বছর ঘরে বসে থাকতাম, তাহলে রাজনীতির ময়দান থেকে হারিয়ে যেতাম। আর এনসিপিতে ঢুকেছি বিধায় আপনারাই আমাকে স্টুডিওতে ডেকেছেন। যদি প্রবেশ না করতাম, তাহলে হয়তো ডাকতেন না এবং আমার খোঁজও নিতেন না।
এশিয়া পোস্ট : আপনার বেশ কয়েকটি বক্তব্য এখন আলোচনায়। বিএনপিকে ইঙ্গিত করে বলেছেন, সেখানে এখন পকেট কমিটি দেওয়া হয় বা সুবিধাবাদীদের পদ দেওয়া হয়। আপনার কাছে এ রকম কেন মনে হয়?
ইসহাক সরকার : দেখুন, এটি তো একটা সিন্ডিকেটের মাধ্যমে চলে। পদ-পদবি ও নেতৃত্ব তো ভোটের মাধ্যমে নির্বাচিত হয় না। বিএনপির মতো বা আওয়ামী লীগের মতো দলগুলোতে সংগঠন শক্তিশালী করার নামে একবার ছাত্রদলের নেতা নির্বাচন হয়েছিল, কিন্তু সেটাও ছিল সিন্ডিকেটের মাধ্যমে এবং ওগুলো ছিল একটা আইওয়াশ মাত্র। আমার কাছে মনে হয় যে এই কাজগুলো যদি গণতান্ত্রিক পদ্ধতিতে হয়, তাহলে যোগ্য ও নির্যাতিত যারা জনগণের ভালোবাসা অর্জন করতে পারে, তারাই নেতৃত্বে আসতে পারবে। অন্যথায় এভাবে চলতে থাকলে বড় সংগঠনগুলো নেতৃত্ব-সংকটে পড়বে।
এশিয়া পোস্ট : জুলাই সনদ নিয়ে সরকারের অবস্থান এবং সংসদের ভেতরে ও বাইরের বিতর্ক নিয়ে কী বলবেন?
ইসহাক সরকার : জুলাই সনদ নিয়ে প্রতিটা রাজনৈতিক দল ঐকমত্যে পৌঁছেছিল এবং সেই ভিত্তিতেই ১২ ফেব্রুয়ারি একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সবাই জুলাই সনদে স্বাক্ষর করেছিল। কিন্তু হঠাৎ বিএনপির কী এমন হয়ে গেল যে তারা জুলাই সনদ থেকে দূরে সরে এল? কয়েক দিন আগেও প্রধানমন্ত্রী বলেছিলেন জুলাইয়ের প্রতিটা সনদ মানা হবে, কিন্তু আজ স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে কেন আমরা মানব? তখন নির্বাচনের স্বার্থে বলেছিলাম। এই যে কনট্রাডিকশন, এটা জনগণের থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার নামান্তর। যদি জনগণের সঙ্গে প্রতারণা করা হয়, তবে জনগণ গণভোটের দাবিতে আবার রাস্তায় নামতে বাধ্য হবে।
এশিয়া পোস্ট : বিএনপি থেকে এনসিপিতে আসায় পুরান ঢাকার রাজনৈতিক মেরুকরণে কি কোনো প্রভাব পড়েছে?
ইসহাক সরকার : কিছুটা প্রভাব পড়েছে। সাধারণ জনগণ যারা রাজনৈতিকভাবে সচেতন, তাদের সমর্থন আমি পেয়েছি। আমার মতো সবাই তো এই সময়ে ঝুঁকি নেবে না। যারা ঝুঁকি নেওয়ার তারা নিয়েছে এবং সাধারণ জনগণের একটি বৃহৎ অংশ আমাকে সমর্থন জুগিয়েছে। আমি রাস্তায় বের হলে তারা আমাকে অভিনন্দন জানায় যে আমি ভালো কাজ করেছি। তাই আমি মনে করি সাধারণ মানুষ আমার সঙ্গে আছে।
এশিয়া পোস্ট : এবার যেহেতু আপনি নির্বাচন করেছেন এবং স্বতন্ত্রভাবে লড়াই করেছেন, আগামী দিনে এনসিপির সঙ্গে আসন বা মনোনয়ন নিয়ে কি কোনো কথা হয়েছে?
ইসহাক সরকার : এখনো ও রকম কোনো কথা হয়নি। আমি আগেও বলেছি যে এমপি বা মন্ত্রী হওয়া আমার মুখ্য বিষয় নয়, আমি জনগণের সেবা করতে চাই। ভাগ্য যখন যেখানে নিয়ে যাবে সেখানেই কাজ করব। আমি পাস করলে হয়তো এখন সংসদে থাকতাম। তবে প্রত্যেক রাজনৈতিক কর্মীর একটা লক্ষ্য থাকে এবং আমি আগামীতে ঢাকা-৭ আসন থেকে এনসিপির হয়ে নির্বাচনে অংশগ্রহণ করার প্রস্তুতি নিচ্ছি।
এশিয়া পোস্ট : আগামী পাঁচ বছরে ইসহাক সরকার নিজেকে ব্যক্তিগতভাবে বা দলের কোন অবস্থানে দেখতে চান?
ইসহাক সরকার : দল আমাকে যে দায়িত্ব দিয়েছে, তার মাধ্যমে আমি সংগঠনকে শক্তিশালী করব। সংগঠন দুর্বল থাকলে রাজনৈতিক দল টিকে থাকতে পারে না। তাই আমার প্রধান লক্ষ্য হলো দলকে শক্তিশালী করা। তৃণমূল পর্যায় থেকে এনসিপিকে শক্তিশালী করার জন্য আমি আমার সাংগঠনিক অভিজ্ঞতা কাজে লাগাব। ঢাকা মহানগর দক্ষিণ থেকে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নির্বাচন করবেন এবং সেখানে একটি হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে আমি মনে করি।
এশিয়া পোস্ট : নতুন যারা রাজনীতিতে আসতে চায়, তাদের জন্য আপনার কী মেসেজ থাকবে? তারা কী দেখে দল বেছে নেবে?
ইসহাক সরকার : আমি মনে করি প্রথমে দলের আদর্শ দেখা উচিত। কোন দলটা সবচেয়ে আদর্শভিত্তিক এবং দেশ পরিচালনায় জনগণের প্রতি তাদের কতটুকু ভরসা আছে তা দেখা দরকার। ক্ষমতাসীন দল হোক বা বিরোধী দল, তারা জনগণের অধিকার আদায়ের জন্য রাজপথে আছে কি না সেটা বিবেচনা করা উচিত। জনগণ যেটাকে ভালো মনে করবে, সেটাই পছন্দ করবে। কারণ, সবারই গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার আছে। আমি এনসিপি পছন্দ করেছি কারণ তারা সামনে থেকে নেতৃত্ব দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে। আমি সবাইকে অনুরোধ করব আপনারা যোগ্য ও আদর্শবান নেতাদের দেখে পার্টিতে অংশগ্রহণ করবেন।
এশিয়া পোস্ট : সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
ইসহাক সরকার : আপনাদেরও ধন্যবাদ।