Image description

চলতি আইপিএলে ক্রিকেটারদের ব্যক্তিগত জীবন, বিশেষ করে ‘গার্লফ্রেন্ড কালচার’ অর্থাৎ বান্ধবীদের উপস্থিতি ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হচ্ছে। এবার স্টেডিয়াম ও টিম হোটেলে বারবার তারকা খেলোয়াড়দের সঙ্গে তাদের প্রেমিকাদের দেখা যাওয়ায় বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে বোর্ড।

ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই) মনে করছে, এই প্রবণতা ড্রেসিংরুমের পরিবেশ, দলের শৃঙ্খলা এবং ম্যাচ প্রস্তুতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই ‘গার্লফ্রেন্ড কালচার’ নিয়ে কঠোর অবস্থান নেওয়ার কথা ভাবছে তারা।

এই আইপিএলে হার্দিক পান্ডিয়া, যশস্বী জয়সওয়াল, ঈশান কিশান এবং আর্শদীপ সিং-সহ একাধিক ক্রিকেটারকে তাদের বান্ধবীদের সঙ্গে নিয়মিত দেখা গেছে, যা নিয়ে আলোচনা আরও বেড়েছে।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিষয়টি নিয়ে উদ্বিগ্ন বিসিসিআই। বোর্ডের আশঙ্কা, এই প্রবণতা নিয়ন্ত্রণ করা না গেলে ভবিষ্যতে আরও বড় সমস্যা তৈরি হতে পারে। এ ছাড়া সাম্প্রতিক বছরগুলোতে কিছু ক্রিকেটারের ব্যক্তিগত সম্পর্ক ঘিরে বিতর্ক এবং পুলিশে অভিযোগ দায়েরের ঘটনাও বোর্ডের ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব ফেলেছে বলে মনে করা হচ্ছে।

এ নিয়ে একজন উচ্চপদস্থ বিসিসিআই কর্তা বলছেন, “এখনই যদি এর রাশ টানা না হয় ভবিষ্যতে বড় সমস্যা তৈরি হতে পারে। আমরা দেখছি টিম বাস পর্যন্ত অপেক্ষা করানো হচ্ছে, এমনকী অনেকেই খেলোয়াড়দের সঙ্গে একই হোটেলে থাকছেন।”

তিনি আরও বলেন, “আমি বুঝতে পারছি না এই নিয়ম কোথা থেকে এলো? বিসিসিআইয়ের নীতিমালায় তো এমন কোনও নিয়ম নেই। শুধু স্ত্রী ও পরিবারের সদস্যদেরই নির্দিষ্ট নিয়মের আওতায় অনুমতি দেওয়া হয়। সুতরাং কে এই অনুমোদন দিয়েছে, তা তদন্ত হওয়া উচিত।” 

ওই প্রতিবেদন অনুসারে, অ্যান্টি করাপশন ইউনিটের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তারা কিছু ক্ষেত্রে ক্রিকেটারদের সঙ্গে তাদের প্রেমিকাদের থাকার অনুমতি দিয়েছেন। এ নিয়ে বোর্ডের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। কারণ, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের উপস্থিতি ম্যাচ-সংক্রান্ত গোপন তথ্য ফাঁসের ঝুঁকি বাড়াতে পারে বলে মনে করা হচ্ছে। সূত্রের দাবি, আসন্ন বৈঠকে এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করবে বোর্ড। আইপিএলসহ ভারতীয় দলের বিদেশ সফরগুলিতেও নতুন নিয়ম চালু করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি, অ্যান্টি করাপশন ইউনিটের জন্যও এ বিষয়ে নতুন নির্দেশিকা জারি করা হতে পারে।