একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডের জন্ম দিয়ে নেতিবাচক খবরের শিরোনাম হওয়া নেইমারের জন্য নতুন কিছু নয়। এবার নতুন এক কাণ্ড করে আবারো তিনি আলোচনায়।
নিজ ক্লাব সান্তোসের অনুশীলনে সতীর্থ রবসন ডি সুজা জুনিয়রকে থাপ্পড় মেরেছেন নেইমার। এমনকি তাকে ল্যাং মেরে ফেলেও দিয়েছেন।
১৮ বছর বয়সী রবসন ডি সুজা জুনিয়র নেইমারেরই সাবেক সতীর্থ রবিনহোর ছেলে। আলবেনিয়ার এক নারীকে ইতালির একটি নৈশ ক্লাবে ধর্ষণের দায়ে রবিনহো বর্তমানে ব্রাজিলের সাও পাওলোর ত্রেমেম্বে কারাগারে বন্দী।
ও গ্লোবোর প্রতিবেদনে বলা হয়েছে, পালমেইরাসের বিপক্ষে সান্তোসের সর্বশেষ ম্যাচে যারা মাঠে নামেননি, তাদের নিয়ে গতকাল বিশেষ অনুশীলন সেশন চলছিল।
একজন তরুণের কাছে এভাবে পরাস্ত হওয়াটা সহজভাবে নিতে পারেননি ৩৪ বছর বয়সী নেইমার। তিনি রবসনকে ধীরে খেলার পরামর্শ দেন। কিন্তু কথা কাটাকাটির এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ও গ্লোবো জানিয়েছে, নেইমার প্রথমে তাকে ল্যাং মেরে মাটিতে ফেলে দেন এবং এরপর গালে চড় মারেন।
এ ঘটনার পর রবসনের প্রতিনিধিরা ক্লাবের শীর্ষ কর্মকর্তাদের কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানান। তবে সান্তোস কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে জনসমক্ষে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
অবশ্য নেইমার ঘটনার কিছুক্ষণ পরই নিজের ভুল বুঝতে পারেন। তিনি ড্রেসিংরুমে গিয়ে রবসনের সঙ্গে হাত মেলান এবং ক্ষমা চান।
সান্তোসের পরের ম্যাচ বাংলাদেশ সময় আগামী বুধবার সকালে রেকোলেতার বিপক্ষে। ব্রাজিলের বিশ্বকাপ দলে জায়গা পেতে হলে ক্লাবের আসন্ন ম্যাচগুলোতে দুর্দান্ত পারফর্ম করতে হবে নেইমারকে।