অসুস্থতার কারণে বিছানা থেকে উঠতে পারছেন না, অথচ ফ্র্যাঞ্চাইজি মালিক নাছোড়বান্দা। মাঠে নামতেই হবে। শুধু ম্যাচটি খেলানোর জন্য তিনি প্রাইভেট প্লেন পাঠাতেও রাজি! আইপিএলে এমনই এক বিচিত্র ও মজার অভিজ্ঞতা হয়েছে ইংল্যান্ডের গতি তারকা মার্ক উডের। বিবিসির ‘স্ট্র্যাটেজিক টাইমআউট’ পডকাস্টে তিনি শুনিয়েছেন সেই গল্প।
মার্ক উড জানান, আইপিএলের একটি মৌসুমে শুরুর দিকে কয়েকটি ম্যাচ খেলার পর তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। দলের পক্ষ থেকে তার জন্য যে পরিমাণ তদারকি করা হচ্ছিল, তা দেখে তিনি নিজেই অবাক হয়ে গিয়েছিলেন। উড সেই সময়ের স্মৃতিচারণ করে বলেন, ‘পাঁচটি ম্যাচ খেলার পর আমি বেশ অসুস্থ হয়ে পড়ি। পরের ম্যাচ ছিল তিন দিন পর। প্রতি আধা ঘণ্টা পরপর ডাক্তার আমার রুমে আসতেন এবং আমার শরীরের অবস্থা পরীক্ষা করতেন।’
বিব্রতকর পরিস্থিতি তৈরি হয় যখন ফ্র্যাঞ্চাইজি মালিক নিজে তাকে ফোন করতে শুরু করেন। উড বলেন, ‘মালিক আমাকে ফোন করে জিজ্ঞেস করলেন, ‘কেমন আছ? খেলার জন্য তৈরি তো?’ আমি বললাম, ‘সত্যি বলতে আমি কিছুই খেতে পারছি না, বিছানা থেকে ওঠার শক্তিও নেই।’ তিনি বললেন, ‘আমি তোমার জন্য অন্য ডাক্তার পাঠাচ্ছি, যা লাগে সব করছি।’
অসুস্থতা সত্ত্বেও মালিকের আগ্রহ কমছিল না। পরের দিন তিনি উডকে এমন এক প্রস্তাব দেন, যা শুনে উড নিজেও হাসাহাসি করছেন। উড জানান, ‘দলের মালিক আমাকে ফোন করে বললেন, ‘আমি একটি ব্যক্তিগত বিমান (প্রাইভেট প্লেন) পাঠাচ্ছি। তুমি বিমানে করে এসে ম্যাচটি খেলে দাও। ম্যাচ শেষ হওয়া মাত্রই ওই বিমানে করে আবার তোমাকে বিছানায় পৌঁছে দেওয়া হবে।’
এমন রাজকীয় প্রস্তাবে কিছুটা দ্বিধায় পড়ে গিয়েছিলেন উড। তিনি পরামর্শের জন্য তার বাবাকে ফোন করেন। উড হাসতে হাসতে বলেন, ‘সেই মুহূর্তের জন্য আমার মনে হয়েছিল এটি আমার জীবনের সবচেয়ে মজার ঘটনা হতে যাচ্ছে। অবিশ্বাস্য! সিদ্ধান্ত নিতে আমি বাবাকে ফোন দিয়ে বলি, তারা আমার জন্য প্রাইভেট জেট পাঠাচ্ছে! বাবা জিজ্ঞেস করলেন, ‘তোমার শরীর কেমন?’ আমি বললাম, ‘দাঁড়ালেই মনে হচ্ছে জ্ঞান হারিয়ে ফেলব।’ বাবা বললেন, ‘তাহলে তোমার খেলা ঠিক হবে না।’
বাবার কথায় সায় দিলেও ব্যক্তিগত বিমানের মোহ উডকে কিছুটা সময়ের জন্য আচ্ছন্ন করেছিল। শেষ পর্যন্ত অবশ্য ম্যাচটি খেলেননি উড। আইপিএলে চেন্নাই সুপার কিংস ও লখনৌ সুপার জায়ান্টসের হয়ে খেলা এই পেসার ৫ ম্যাচে ১১টি উইকেট নিয়েছেন। তবে মাঠের পারফরম্যান্সের চেয়েও আইপিএল মালিকদের এমন পাগলামি উডের মনে চিরস্থায়ী জায়গা করে নিয়েছে।