Image description

এক-দু’জন নয়, গত কয়েকদিনে বিসিবি থেকে পদত্যাগ করেছেন সাত পরিচালক। শনিবার (৪ এপ্রিল) এক দিনে পদত্যাগ করেন চার পরিচালক। প্রত্যেকেই ব্যক্তিগত কারণ দেখিয়ে বিসিবি ছাড়লেন।

কিন্তু, কারণ আসলে কতটা ব্যক্তিগত? আদৌ ব্যক্তিগত, না কি নেপথ্যে অন্য কিছু? এসব নিয়ে চলছে জল্পনা-কল্পনা। নাম প্রকাশে অনিচ্ছুক পদত্যাগ করা একজন জানান, বোর্ডের সঙ্গে কাজ করে সন্তুষ্ট হতে পারেননি তিনি। তাই, পদত্যাগ করেছেন।

শনিবার ছিল বিসিবির বোর্ড সভা। সভার এজেন্ডা ছাপিয়ে আলোচনায় পদত্যাগ। প্রথমে পদত্যাগ করেন ফায়াজুর রহমান মিতু। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেন। তার দেখানো পথে হেঁটে মধ্যরাতে বোর্ড ছেড়েছেন শাহনিয়ান তানিম, মেহরব আলম চৌধুরী ও মনজুর আলম।

এর আগে ইশতিয়াক সাদেক আমজাদ হোসেন ও ইয়াসির মোহাম্মদ ফয়সাল পদত্যাগ করেন। যাদের মধ্যে ফয়সাল ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত পরিচালক।

গত বছর অক্টোবরে নির্বাচিত হয়ে আসার পর থেকে বিতর্ক পিছু ছাড়ছে না বর্তমান কমিটির। বিসিবি নির্বাচনে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ নিয়ে গত মাসে গঠিত হয় তদন্ত কমিটি। আজ (৫ এপ্রিল) তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে কমিটি। এনএসসি থেকে ক্রীড়া মন্ত্রণালয়ে দেওয়া হয় প্রতিবেদন। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের হাতে তুলে দেওয়া হয় সেটি।

 

জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) ৫ সদস্যের তদন্ত কমিটির মুখোমুখি হয়েছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ বেশ কয়েকজন পরিচালক। বিসিবি সভাপতির পর প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন তদন্ত কমিটির মুখোমুখি হন। এনএসসি গঠিত স্বাধীন তদন্ত কমিটি পরবর্তীতে কথা বলেছিল বিসিবির সহ-সভাপতি ফারুক আহমেদের সঙ্গে।

ধারণা করা হচ্ছে, তদন্ত প্রতিবেদনের ওপর নির্ভর করছে বিসিবির বর্তমান কমিটির ভবিষ্যৎ। পরিস্থিতি বুঝে পদত্যাগ করছেন পরিচালকরা। শঙ্কা আছে, আরও পরিচালকের পদত্যাগ করার।