গণভোটের রায় না মানলে সেদিন থেকেই সরকারকে অবৈধ সরকার বলা শুরু করবেন বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া।
রবিবার (৫ এপ্রিল) সন্ধ্যায় জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান।
সংবাদ সম্মেলন থেকে আসিফ মাহমুদ অধ্যাদেশগুলোকে আইনে পরিণত করার দাবি জানান। একইসঙ্গে স্থানীয় সরকার অধ্যাদেশসহ বিশেষ পরিস্থিতিতে যেসব অধ্যাদেশ করা হয়েছে,তা বাতিল করার আহ্বান করেন।
আসিফ মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী ও নির্বাহী বিভাগের ক্ষমতা বৃদ্ধি যেসব অধ্যাদেশের মাধ্যমে করা যায়, সেগুলো রাখা হচ্ছে, কিন্তু যেখানে জনগণের কাছে জবাবদিহিতা করতে হয়, সেই অধ্যাদেশগুলোকে বাতিল করা হচ্ছে। আমরা বারবার বিএনপিকে সংবিধানের কথা বলতে শুনি। কিন্তু আমরা দেখলাম, প্রশাসক নিয়োগের ক্ষেত্রে তারা সংবিধান লঙ্ঘন করলেন।
আসিফ মাহমুদ বলেন, এখন প্রাসঙ্গিকতা নেই, এমন অধ্যাদেশগুলো রাখা হচ্ছে। যেখানে কোনো কোনো ব্যক্তি স্থানীয় সরকার প্রতিনিধি হিসেবে নির্বাচিত হলেও তাকে যেকোনো সময় অপসারণের ক্ষমতা নির্বাহী বিভাগের কাছে রেখে দেওয়া হচ্ছে।
তিনি বলেন, এই গণভোটের রায় যদি না মানেন, তাহলে এই সরকারকে আমরা সেদিন থেকেই অবৈধ সরকার বলা শুরু করব। আমরা এটার জন্য সময় নেব না, যেমন আপনারা আমাদের সব অর্জন ধূলিসাৎ করে দেওয়ার জন্য সময় নিচ্ছেন না। বাংলাদেশে যখন ঊনসত্তরের অর্জন রক্ষা করা যায়নি, তখন একাত্তরের মুক্তিযুদ্ধ হয়েছে।
সম্প্রতি বৈশ্বিক সংকটের কথা উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন, বৈশ্বিক সংকট এখনো চলমান আছে। এই সংকট মোকাবিলার ক্ষেত্রে সব অংশীজন মিলে একসঙ্গে কাজ করতে চাই। এত দ্রুত সময়ে রাজপথে নামার বিষয়ে বিরোধী দলীয় জোটের কোনো চিন্তাই ছিল না। আমরা চিন্তা করছিলাম আবার সাংগঠনিক রাজনীতি গুছিয়ে এবং স্থানীয় সরকার নির্বাচনের দিকে ফোকাস করে সবাই কাজ করব। কিন্তু যে পরিস্থিতিতে আপনারা আমাদের ফেলেছেন, এতে রাজপথে নামা ছাড়া আমাদের কোনো উপায় ছিল না। সামনের দিনেও হয়তো বড় আন্দোলনের কথা ভাবা হতে পারে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক ও সংস্কার বাস্তবায়ন কমিটির উপ-প্রধান সরোয়ার তুষার, সংস্কার বাস্তবায়ন কমিটির সদস্য জাভেদ রাসিন, এনসিপির যুগ্ম সদস্যসচিব মনিরা শারমিন প্রমুখ।