Image description

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (ইডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন মো. মোতাছিম বিল্লাহ। এর আগে তিনি কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক ছিলেন। বর্তমানে তিনি মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদের প্রশাসক হিসেবে দায়িত্বরত। 

মোতাছিম বিল্লাহ ১৯৯৯ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে কর্মজীবন শুরু করেন।

দীর্ঘ ২৭ বছরের কর্মজীবনে মোতাছিম বিল্লাহ বাংলাদেশ ব্যাংকের ব্যাংক পরিদর্শন বিভাগ, সেন্ট্রাল ব্যাংক স্ট্রেনদেনিং প্রজেক্ট, ফাইন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট প্রজেক্ট, ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন ও পেমেন্ট সিস্টেমস বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। 

প্রথম দেশীয় কার্ড স্কিম টাকাপে, এনপিএসবি মাইগ্রেশন, ক্যাশলেস বাংলাদেশ কার্যক্রম, বাংলা কিউআর প্রবর্তনসহ লেনদেনব্যবস্থা আধুনিকায়নে তিনি নেতৃত্ব দেন।

নগদের প্রশাসক হিসেবে দায়িত্ব পাওয়ার পর থেকে প্রতিষ্ঠানটিতে বহু ইতিবাচক পরিবর্তনের নেতৃত্ব দিয়েছেন মোতাছিম বিল্লাহ। তাঁর নেতৃত্বে গত এক বছরে সেবার ক্ষেত্রে নগদের কলেবর ও গুণগতমান বৃদ্ধির পাশাপাশি ব্যবসায়িক ক্ষেত্রেও অভূতপূর্ব সাফল্য পেয়েছে নগদ। মাত্র এক বছরের মধ্যে নগদের লেনদেনকে প্রায় দ্বিগুণ করার পাশাপাশি প্রযুক্তিগত উৎকর্ষ সাধনেও বড় অর্জন এসেছে এ সময়ে।