ইরানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে চলমান সংঘাত ও যুদ্ধের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি দ্রুত শান্তি প্রতিষ্ঠার জন্য মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছেন।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই আহ্বান জানান।
পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, ‘ইরানসহ সমগ্র মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের দাবানল—হে আল্লাহ, তোমার অসীম মেহেরবানিতে নিভিয়ে দাও। সংশ্লিষ্ট সব পক্ষকে পবিত্র রমজানের সংযম, সহনশীলতা ও মানবতার শিক্ষা ধারণ করার তাওফিক দান করো।’
সংঘাতকবলিত এলাকার সাধারণ মানুষের নিরাপত্তা ও দুর্ভোগ নিয়ে উদ্বেগ জানিয়ে জামায়াত আমির আরও লিখেছেন, ‘নিরীহ নারী-শিশু ও সাধারণ মানুষের জীবন রক্ষা করো, আহতদের আরোগ্য দাও, বাস্তুচ্যুতদের নিরাপদ আশ্রয় দাও। সমগ্র দুনিয়াবাসীর প্রতি রহম করো—হৃদয়গুলোকে নরম করো, ঘৃণা ও প্রতিহিংসা দূর করো।’
পরিশেষে তিনি ন্যায়ের ভিত্তিতে অঞ্চলে স্থায়ী শান্তি ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার জন্য রব্বুল আলামিনের কাছে দোয়া চেয়ে ‘আমিন’ বলে মন্তব্য শেষ করেন।