আজ ২১ ফেব্রুয়ারি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসস “ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর” শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে।
খবরটিতে বলা হয়, “ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ব্যতিক্রমী এক উদ্যোগ নিলেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ইতিহাসে প্রথমবারের মতো তিনি একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের পর সেখানেই দাঁড়িয়ে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।"
একই শিরোনামে খবরটি বাসসের বরাতে প্রকাশ করে দৈনিক কালের কণ্ঠ। এছাড়া আরও প্রকাশিত হয়, রেডিও টুডে এবং ইনকিলাব পত্রিকাতেও।
এ নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা ও সমালোচনা চলছে।
নুরুল আজম রনি নামে সাবেক এক ছাত্রলীগ নেতা লিখেছেন, “শহীদ মিনার শ্রদ্ধা জানানোর স্থান, ধর্মীয় আচার পালনের স্থান নয়।”
মাসুদ রানা নামে আরেকজন লিখেছেন, “শহীদ মিনারে কখনও ধর্মীয় আচার হয়নি এটি ধর্মনিরপেক্ষ স্মৃতিস্তম্ভ।”
দ্য ডিসেন্ট এই দাবির সত্যতা যাচাই করে দেখেছে, শহীদ মিনারে দোয়া বা মোনাজাত করার ঘটনা বাংলাদেশে আগেও ঘটেছে।
মুক্তিযুদ্ধ ই-আর্কাইভ এর ওয়েবসাইট liberationwarbangladesh.org এ সংরক্ষিত ১৯৭২ সালের ২৩ ফেব্রুয়ারির দৈনিক বাংলার প্রথম পৃষ্ঠায় “শহীদ মিনারে মোনাজাত করছেন বঙ্গবন্ধু” ক্যাপশনে একটি ছবি পাওয়া যায়।
ছবিতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানকে ২১ ফেব্রুয়ারি শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে মোনাজাতে অংশ নিতে দেখা যায়। অর্থাৎ স্বাধীনতার পরপরই শহীদ মিনারে মোনাজাতের ঘটনা ঘটেছে।
এরও আগে ১৯৫৩ সালের ২১ ফেব্রুয়ারি শহীদ মিনার এলাকায় মোনাজাতের একটি ছবি বিভিন্ন উৎসে পাওয়া যায়।
যেমন, “অমর একুশের রোজা এবং সংস্কৃতির অন্তর্ভুক্তিমূলকতা” শিরোনামে গত ১৯ তারিখে প্রকাশিত প্রথম আলোর একটি লেখায় ভাষা শহীদদের জন্যে ঢাকা মেডিকেল কলেজ এলাকা মোনাজাত করার কথা উল্লেখ করা হয়। সেখানে একটি ছবিতেও বেশ কিছু মানুষকে মোনাজাত করতে দেখা যায়, ছবিটির ক্যাপশন ছিল, “২১শে ফেব্রুয়ারি ১৯৫৩: প্রথম শহীদ দিবস সকালে ছাত্র-জনতার শোক শোভাযাত্রা মেডিকেল হোস্টেল মোড়ে (যেখান থেকে গুলি চলেছিল) শহীদানের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করছে।
একই ছবি Dhaka Tribune-এ প্রকাশিত একটি প্রতিবেদনে ব্যবহার করা হয়েছে, যেখানে উল্লেখ আছে যে ১৯৫৩ সালের ২১ ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে প্রার্থনা করা হয়।
ছবিটি Wikimedia Commons-এও পাওয়া যায় এবং বর্ণনায় একই তথ্য উল্লেখ করা হয়েছে। ছবিটির বর্ণনা অংশে লেখা “১৯৫৩ সালের ২১শে ফেব্রুয়ারি: প্রথম শহীদ দিবস সকালে ছাত্র-জনতার শোক শোভাযাত্রা মেডিক্যাল হোস্টেল মোড়ে (যেখান থেকে গুলি চলেছিল) শহীদানের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করছে।”
ছবিটির উৎস হিসেবে অধ্যাপক রফিকুল ইসলামের নাম লেখা রয়েছে।
অর্থাৎ শহীদ মিনার বা ভাষা শহীদদের স্মরণে মোনাজাতের ঘটনা নতুন নয়। ১৯৫৩ সালে প্রথম শহীদ দিবসে মোনাজাতের নজির রয়েছে এবং ১৯৭২ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানও শহীদ মিনারে মোনাজাতে অংশ নিয়েছিলেন।