Image description

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সির প্রার্থিতা বাতিল করেছে আপিল বিভাগ। রোববার আদালতের এই রায়ের মাধ্যমে এবারের সংসদ নির্বাচনে আর অংশ নিতে পারবেন না মুন্সী। ফলে এই আসনটিতে বিএনপি মনোনিত কোনো প্রার্থী থাকছে না।

এদিকে এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তবে আসনটিতে শক্ত কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় নির্বাচনের আগেই বিজয়ের পথে আরেক ধাপ এগিয়ে গেলেন হাসনাত আব্দুল্লাহ।

 

এর আগে ২১ জানুয়ারি আসনটিতে বিএনপি প্রার্থী মুন্সির প্রার্থিতা বাতিলের বিপরীতে করা রিট খারিজ করেন উচ্চ আদালত। এরপর মুন্সীর লিভ ‍টু আপিল আজ খারিজ করে দেয় আপিল বিভাগ। এর ফলে অনেকটা ফাঁকা মাঠ পেলেন হাসনাত আবদুল্লাহ। কারণ বিএনপির আর কেউ মনোনয়ন না নেয়ায় আসনটিতে বিএনপির বা অন্য কোনো স্বতন্ত্র বা বিদ্রোহী প্রার্থী নেই।

তার আগেই জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম শহীদ তার মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছিলেন। কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সী আসনটিতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে মনোনয়নবঞ্চিত হওয়ার পর তিনিও আর মনোনয়ন কেনেননি।

আসনটিতে এবার হাসনাত আবদুল্লাহর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী মো. জসীম উদ্দিন ট্রাক প্রতীকে, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মনোনীত প্রার্থী ইরফানুল হক সরকার আপেল প্রতীকে, খেলাফত মজলিসের প্রার্থী মোহাম্মদ মজিবুর রহমান দেওয়াল ঘড়ি প্রতীকে, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. আব্দুল করিম হাতপাখা প্রতীকে।