Image description
পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোকে লালগালিচা সংবর্ধনা দেওয়া বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে বিএনপির সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান বাপ ডাকবে আবার পাকিস্তানকে ঘৃণা করবেন, তা হয় না বলে মন্তব্য করেছেন জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক খোমেনী ইহসান।
 
তিনি বলেছেন, ‘সবাই জানে ভারতের অ্যাসাইনমেন্ট অনুযায়ী সে জুলাই যোদ্ধাদের গালি দিয়েছে, কালো শক্তি বলেছে, রাজাকারের বাচ্চা বলেছে। জামায়াতকেও সে গালি দিয়েছে। এসব করে সে জুলাইয়ের পক্ষের শক্তিকে বিভক্ত করতে চেয়েছে। এতে প্রাথমিক সাফল্যও পেয়েছে। বিনিময়ে ভারত থেকে পয়সা পেয়েছে কি?’
 
গতকাল শনিবার (২৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। 
 
খোমেনী ইহসান বলেন, “ফজলুর রহমানকে নির্বোধই মনে করি। সে একটা বুর্জোয়া দল করে। এমপি হয়েছে। কিন্তু ভাব করে সে ভারত থেকে আসা সাধু-সন্ন্যাসী। এত সাধু হলে আওয়ামী লীগ করবে, কিন্তু করছে বিএনপি। সারাদিন সে মুজিব বন্দনা করে, অথচ আওয়ামী লীগ করে না। এবার দেখুন ব্যাপারগুলো, সবাই জানে ভারতের অ্যাসাইনমেন্ট অনুযায়ী সে জুলাই যোদ্ধাদের গালি দিয়েছে, কালো শক্তি বলেছে, রাজাকারের বাচ্চা বলেছে। জামায়াতকেও সে গালি দিয়েছে। এসব করে সে জুলাইয়ের পক্ষের শক্তিকে বিভক্ত করতে চেয়েছে। এতে প্রাথমিক সাফল্যও পেয়েছে। বিনিময়ে ভারত থেকে পয়সা পেয়েছে কি?”
 
ফজলুর রহমানের রাজনৈতিক অবস্থান প্রসঙ্গে বলেন, “এখন কথা হলো, ফজলু লাফালাফি করে কী করতে পারে? বাংলাদেশে যা কিছু ভবিষ্যতে হবে, তা অতীতে অনেক বেশি হয়েছে। ফজলুর বাপ মুজিব স্বাধীনতার পর ঢাকায় ভুট্টোকে লালগালিচা সংবর্ধনা দিয়েছিল। তখন অন্তত এক লাখ লোক রাস্তার দুই পাশে দাঁড়িয়ে ‘পাকিস্তান জিন্দাবাদ’ ও ‘ভুট্টো জিন্দাবাদ’ স্লোগান দিয়েছে। এখন ফজলু মুজিবকে বাপ ডাকবে, আবার পাকিস্তানকে ঘৃণা করবে, তা তো হবে না।”
 
তিনি বলেন, “বিএনপি ফজলুর বাপের দল নয়। এ দলের প্রতিষ্ঠাতারা ভারতবিরোধী মুসলিম লীগার ও চীনপন্থী কমিউনিস্ট ছিলেন। যারা আওয়ামী লীগ থেকে আসছেন, তারাও ভারতবিরোধী লীগই ছিলেন। এই দল মুক্তিযুদ্ধবিরোধী রাজাকার শাহ আজিজকে প্রধানমন্ত্রী বানিয়েছে। এই দল রাজাকার আবদুর রহমান বিশ্বাসকে রাষ্ট্রপতি বানিয়েছে। এই দল জামায়াতের সমর্থনে সরকার গঠন করেছে, আবার জামায়াতকে নিয়ে জোট গঠন করেছে। তাহলে কোন আক্কেলে ফজলু বিএনপি করছে?”
 
তিনি আরও বলেন, “এখানে খোলাসা করে বলি। ফজলু একজন দণ্ডিত দেশদ্রোহী। ভারতের মাটিতে অবস্থান করে বাংলাদেশের সেনাবাহিনী ও বিডিআরের ওপর হামলা করে হত্যা-জখমের দায়ে দণ্ডিত অপরাধী সে। এরপর দেশি-বিদেশি স্টাবলিশমেন্টের সঙ্গে রফা করেই তার জীবন কাটছে। কোথাও জায়গা না পেয়ে সে বিএনপিতে এসেছে। বিএনপি করা তার সাধুগিরি নয়। বরং সে কম্প্রোমাইজড।”
 
বিএনপির রাজনৈতিক অবস্থান নিয়ে বলেন, “কথা হলো, বিএনপি একটি বুর্জোয়া দল। ক্ষমতার প্রশ্ন দ্বারা দলটি পরিচালিত হয়। এ দল হঠাৎ করে আওয়ামী লীগ হয়ে যাবে না, ভারতের এজেন্সি হয়ে উঠবে না। বরং দলটি অতীতের মতো প্রয়োজনে জামায়াতের সঙ্গে জোট করবে, রাজাকারদের মাথায় তুলবে। এগুলো স্বাভাবিক ঘটনা। ফজলু এসব জেনেই বিএনপিতে এসেছে এবং বিএনপিও তার ভারতপন্থী মুজিববাদী অতীত জেনেই তাকে দলে নিয়েছে। বিএনপির যখন প্রয়োজন পড়ে, তখন তাকে ভারতকে কাছে টানতে হয়তো ব্যবহার করে।”
 
সবশেষে খোমেনী ইহসান বলেন, “কাজেই ফজলুকে বিএনপি করতে হলে বাস্তবতা মানতে হবে। বেকুবকে বুঝতে হবে, গোপালগঞ্জের ঘটনায় বিএনপি ক্ষুব্ধ-ক্রুদ্ধ। এ সময় তার মধ্যে আওয়ামী লীগপ্রেম জাগলে তাকে অপমানিত হতে হবে। দলই তাকে উচিত শিক্ষা দেবে। আর শিক্ষা দিলে নীরবে তা হজম করতে হবে। অথচ ফজলু বলছে, সে মারা যাবে।”