১।আওয়ামী লীগের ছোট পরিসরের ইনসারজেনসি তৎপরতা ক্রমেই গতি হারাচ্ছে বলে মনে হচ্ছে।
দলের প্রবাসী কর্মীদের মধ্যে সবচেয়ে উগ্রপন্থীরা দেশে থাকা সমর্থকদের ‘সর্বোচ্চ চেষ্টা’ করার আহ্বান জানাচ্ছেন। অনেকেই সেই আহ্বানে সাড়া দিয়েছেন—তবে বেশির ভাগ তৎপরতা দেখা গেছে গোপালগঞ্জে। সহিংসতার আহ্বান এখন আর শোনা যাচ্ছে না। আওয়ামী লীগের দ্বিতীয় দফার ৪৮ ঘণ্টার অবরোধের শুরুতে কয়েকটি স্থানে মহাসড়ক অবরোধের চেষ্টা হয়েছিল। পুলিশ এবং স্থানীয় বিএনপি ও জামায়াতের সমর্থকেরা সেই চেষ্টা প্রতিহত করেছেন।
২। গোপালগঞ্জ ও তার আশে পাশে আওয়ামী লীগের কয়েক শ সমর্থক মশাল মিছিল করেছেন , ভাংচুর করেছেন এবং একটি হাইওয়ে দখল করে রেখেছিলেন। সহিংসতায় দুজন আওয়ামী কর্মীর মৃত্যু হয়েছে।সেখানে মোতায়েন করা পুলিশ ও বিজিবির বিশাল বাহিনী এখন পর্যন্ত কঠোর দমনমূলক ব্যবস্থা নেওয়া থেকে বিরত রয়েছে। বিএনপি কর্মীদের হত্যা এবং বিএনপি সংসদ সদস্যদের বাড়ি ও পুলিশ স্টেশনে অগ্নিসংযোগের ঘটনায় দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হওয়ার পর গোপালগঞ্জ আওয়ামী লীগের মধ্যে নতুন করে সহিংসতায় জড়ানোর আগ্রহ খুব একটা দেখা যাচ্ছে না। বরং কেউ কেউ সরাসরিই আশঙ্কা করছেন, নতুন করে অস্থিরতা সৃষ্টি হলে নিরাপত্তা বাহিনী ব্যাপক দমন অভিযান শুরু করতে পারে।
৩। বিচ্ছিন্নভাবে hit - and - run হামলা ও সহিংসতার ঘটনা এখনো ঘটছে, তবে এর তীব্রতা কমেছে। একটি বিদ্যুৎকেন্দ্রে আগুন দেওয়ার দুঃসাহসিক চেষ্টা হয়েছে এবং কয়েকটি চলাচল বন্ধ থাকা বাসে আগুন দেওয়া হয়েছে। এসব হামলায় এখন পর্যন্ত খুব কম প্রাণহানি হওয়াটা আওয়ামী লীগের জন্য সৌভাগ্যের বিষয়। কোনো হামলায় যদি এক ডজনের মতো মানুষ নিহত হন, তাহলে আওয়ামী লীগের বাড়িঘর ও সম্পত্তির ওপর ব্যাপক গণপ্রতিশোধমূলক হামলা শুরু হতে পারে। ইতিমধ্যে কয়েকটি জেলায় প্রতিশোধমূলক হামলায় আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িঘরে আগুন দেওয়া হয়েছে|
৪। সরকার, বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এখন পর্যন্ত বেশ সংযম ও শান্তভাবে পরিস্থিতি সামাল দিয়েছে। গোপালগঞ্জে পুলিশ স্টেশন এবং সংসদ সদস্যদের বাড়িতে হামলার পর কর্তৃপক্ষ পুলিশ বাহিনীর ভেতরে দীর্ঘদিনের প্রত্যাশিত শুদ্ধি অভিযান শুরু করেছে। চাকরি হারানোর ভয় এবং নজরদারির আশঙ্কা অনেক পুলিশ কর্মকর্তাকে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব গুরুত্বের সঙ্গে পালন করতে বাধ্য করবে। হাসিনা ও তাঁর সমর্থকেরা ছোট পরিসরে বিদ্রোহী তৎপরতা শুরু করার সাহস পেয়েছিলেন মুলত দুটো কারণে । একটি হলো পুলিশের দূর্বলতা ।সরকার যে এই দুর্বলতাকে গুরুত্বের সঙ্গে নিয়েছে, তা স্পষ্ট। পোশাকশিল্পের অস্থিরতা ও মজুরি-সংক্রান্ত সমস্যাও সরকার ভালোভাবেই সামাল দিয়েছে। মজুরি বৃদ্ধিতে শ্রমিকেরা সন্তুষ্ট এবং বিক্ষোভও থেমে গেছে বলে মনে হচ্ছে।
৫। আওয়ামী লীগের এই মুহূর্তের সুযোগ কাজে লাগানোর দ্বিতীয় প্রধান কারণ ছিল জুলাই বিপ্লবে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর মধ্যে ক্রমবর্ধমান বিভেদ। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জুলাইয়ের বৃহত্তর ঐক্যের আহ্বান এবং বিরোধী দলগুলোর সঙ্গে বৈঠক তাদের মধ্যে দৃশ্যমানভাবে দূরত্ব কমিয়েছে। অন্তত এতটুকু ঐকমত্য তৈরি হয়েছে যে, সব দলই ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার কর্মসূচি ঘোষণা করেছে।
৬। নয়াদিল্লিতে শেখ হাসিনার মৃত্যুর গুজব সাম্প্রতিক মাসগুলোতে শোনা সবচেয়ে উদ্ভট খবরগুলোর একটি। তবে সত্যি বলতে, অনেক মানুষই এখন এসব গুজব বিশ্বাস করতে শুরু করেছেন। গ্রামাঞ্চলে এই প্রচারণা আওয়ামী লীগ সমর্থকদের মনোবলে স্পষ্ট প্রভাব ফেলছে। আওয়ামী লীগ সমর্থক আমার কয়েকজন আত্মীয়ও প্রশ্ন করেছেন, হাসিনা কেন কখনো সরাসরি সামনে আসেন না? কেন শুধু তাঁর কণ্ঠস্বর শোনা যায়, তাঁকে দেখা যায় না? এর উত্তর আমার জানা নেই। তবে এর প্রভাব যে পড়ছে, তা আমি বুঝতে পারছি।
৭। অর্জুন সিংয়ের বাংলাদেশ দখল করার হুমকিও এ দেশের রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ করেছে। বিশেষ করে ইসলামপন্থী দলগুলো এ ধরনের ইস্যু সহজেই নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে। পশ্চিমবঙ্গের বিজেপির এই মন্ত্রী ও তাঁর কয়েকজন সহকর্মীর মন্তব্য, পাশাপাশি আসামে বাঙালি মুসলমানদের বাড়িঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার নিয়মিত দৃশ্য—সব মিলিয়ে তৃণমূল পর্যায়ের আওয়ামী লীগ সমর্থকদের মনোবলে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়েছে। এটি হাসিনার দেশে ফেরার সম্ভাবনাকেও ক্ষতিগ্রস্ত করছে, যদিও সেই সম্ভাবনা এমনিতেই খুব ক্ষীণ।
৮। লন্ডন পুলিশের হাতে সুশান্ত দাস গুপ্তের গ্রেপ্তারের ঘটনা বাংলাদেশের প্রবাসী রাজনৈতিক মহলে তেমন বড় ঘটনা বলে মনে না-ও হতে পারে। কিন্তু তিনি এবং তাঁর উগ্রপন্থী আওয়ামী লীগ সহযোগীরা যে সহিংসতা ছড়িয়েছেন, তা আন্তর্জাতিক অঙ্গনে দলটির সহিংস কৌশলকে উন্মোচিত করেছে। হাসিনার পতনের পর আওয়ামী লীগকে কঠোর ও উগ্রপন্থী অবস্থানের দিকে ঠেলে দেওয়ার পেছনে সুশান্ত এবং আওয়ামী লীগের উগ্রপন্থীদের একটি ছোট গোষ্ঠীর আংশিক দায় রয়েছে। যুক্তরাজ্য, ইউরোপের মূল ভূখণ্ড এবং উত্তর আমেরিকায় আরামে বসবাস করে এসব ব্যক্তি দেশে থাকা সমর্থকদের সহিংসতার পথে নামতে উসকানি দিয়েছেন। গ্রেপ্তারের ঘটনাগুলো—যদিও পরে তিনি জামিন পেয়েছেন—ইতিমধ্যে অবরোধ কর্মসূচি পরিচালনার ধরনেও প্রভাব ফেলেছে।
৯।গ্রামীণ ব্যাংকের শাখাগুলোতে হামলা চালানো রাজনৈতিক আত্মহত্যার শামিল। আওয়ামী লীগের কর্মীরা শতাধিক শাখায় আগুন দিয়েছে কিংবা হামলা চালিয়েছে। বাংলাদেশের ধর্মনিরপেক্ষ রাজনৈতিক ও বুদ্ধিজীবী মহল এসব হামলার বিষয়ে নীরব থাকলেও জাতিসংঘ ও পশ্চিমা দেশগুলোর সরকার বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নেবে। অধ্যাপক ইউনূস পশ্চিমা বিশ্বে অত্যন্ত শ্রদ্ধাভাজন। এমনকি যুক্তরাষ্ট্রেও গ্রামীণ ব্যাংকের মডেল তার কার্যকারিতা প্রমাণ করেছে। গ্রামীণ আমেরিকা নিম্ন আয়ের নারী ও গৃহহীন মানুষদের মধ্যে বিলিয়ন ডলারের ঋণ বিতরণ করেছে। পশ্চিমা রাজনীতিবিদেরা এই হামলাকে দরিদ্র নারীদের পাশাপাশি অধ্যাপক ইউনূসের অর্জন ও উত্তরাধিকারের ওপর আঘাত হিসেবে দেখবেন। খুব শিগগিরই এসব হামলার তদন্তের জোরালো দাবি উঠবে এবং এর দায় হাসিনার ওপর বর্তাবে।
১০। আওয়ামী লীগের হাতে অলৌকিক কিছু ঘটানোর জন্য দুই মাসেরও কম সময় রয়েছে। ফেব্রুয়ারির শুরুতে রমজান শুরু হবে। তার আগেই হাসিনাকে দেশে ফেরার মতো পরিস্থিতি তৈরি করতে হবে, যা এখন বেশ অসম্ভব বলেই মনে হচ্ছে। রমজান মাসে বাংলাদেশে তেমন কোনো কাজকর্ম হয় না। আমরা অতিরিক্ত ছোলা, বেগুনি ও হালিম খাই, আর কাজকর্ম করি খুব কম। রমজানের এই স্থবিরতা আরও এক মাস পর্যন্ত গড়াবে। এরপরই শুরু হবে বর্ষাকাল। জানুয়ারি থেকে দেশে দীর্ঘ প্রতীক্ষিত স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে। এর ফলে আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের সমর্থকদের আরও সক্রিয়ভাবে রাজনৈতিক প্রক্রিয়ায় ফিরে আসার সুযোগ তৈরি হবে।
১১। আওয়ামী লীগের ছোট পরিসরের বিদ্রোহী তৎপরতা যখন স্তিমিত হয়ে আসবে, তখন তারেক রহমান প্রথমবারের মতো ভারত সফরে যাবেন। তারেক ভারত সফর করতে চান, তবে নিজের শর্তে—একটি শক্তিশালী অবস্থান থেকে। অর্থাৎ বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য লালগালিচা সংবর্ধনার আয়োজন করতে হলে নয়াদিল্লিকে কিছু ছাড় দিতে হবে। এর মধ্যে থাকতে পারে হাদির হত্যাকারীদের হস্তান্তর এবং ট্রান্সশিপমেন্ট চুক্তি পুনর্বহাল করা। ঢাকার অনুরোধে ভারত হাসিনাকে নীরব থাকার নির্দেশও দিতে পারে। সম্ভবত জুন মাসের আগে এটি ঘটবে না। জুন মাস পার হলেই বিষয়টি বাস্তবায়িত হবে।